

রমজান আলী, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বিভিন্ন বেসরকারি হাসপাতালে মোবাইল কোর্ট পরিচালনা করে তিন প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাজীব দাশ পুরকায়স্থের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে লাইসেন্স সংক্রান্ত কাগজপত্র না থাকা, মেডিক্যাল টেকনোলজিস্ট অনুপস্থিত, পর্যাপ্ত নার্স না থাকা এবং মেডিকেল বর্জ্য যথাযথভাবে ব্যবস্থাপনা না করার অভিযোগে মা ও শিশু হাসপাতালকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
এছাড়া মেডিকেল বর্জ্য সঠিকভাবে ব্যবস্থাপনা না করায় এলাইট হাসপাতাল ও আল হায়াত হাসপাতালকে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
অভিযানে মেডিকেল অফিসার ডা. আল শাহরিয়ার হৃদয় ও স্যানিটারি ইন্সপেক্টর সরওয়ার কামাল সহযোগিতা করেন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে বেসরকারি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
