

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চোরাচালান ও অপরাধপ্রবণতা কমিয়ে আনতে চাঁপাইনবাবগঞ্জে সীমান্ত এলাকার তরুণ বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে মাসব্যাপী সীমান্ত ডিজিটাল স্কিল সেন্টারের উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার দুপুরে জেলার ভোলাহাট উপজেলার আলালপুর দারুল সুন্নাহ দাখিল মাদরাসায় এই সীমান্ত ডিজিটাল স্কিল সেন্টারের উদ্বোধন করা হয়। এই প্রশিক্ষণে সীমান্তবর্তী এলাকার ২৫ জন যুবক অংশগ্রহণ করছে।
৫৯ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, প্রশিক্ষণার্থীদের বহুতল ভবন ও বাসাবাড়িতে নিরাপদ বিদ্যুৎ সংযোগ, বৈদ্যুতিক ত্রুটি নিরসন এবং নিরাপত্তার সাথে ইলেকট্রনিক সরঞ্জাম স্থাপনের (সেটিং) ওপর তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হবে। আর এই উদ্যোগের ফলে সীমান্ত এলাকার বেকার তরুণ যবুকদের মধ্যে ভারত থেকে মাদক ও অবৈধ পন্যদ্রব্য চোরাচালান বন্ধে ভূমিকা পালন করবে এবং তারা আত্মনির্ভরশীল হয়ে উঠবে।
এ প্রশিক্ষণে চাঁপাইনবাবগঞ্জ সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ থেকে ইলেকট্রিক্যাল বিভাগের ২ জন দক্ষ এবং অভিজ্ঞ প্রশিক্ষক মন্ডলী নিয়মিত ক্লাশ পরিচালনা করবেন।
অনুষ্ঠানে ভোলাহাট উপজেলার সাবেক চেয়ারম্যান অধ্যাপক আনোয়ার হোসেন, আলালপুর দারুল সুন্নাহ দাখিল মাদরাসার সুপারিটেনডেন্ট মোঃ বজরুল রহমানসহ স্থানীয় জনপ্রতিনিধি, গন্যমান্য ব্যক্তিবর্গ, প্রশিক্ষকবৃন্দ এবং বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
