

৫ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (৫ এপিবিএন), উত্তরা, ঢাকার সাইবার সিকিউরিটি সেলের উদ্যোগে সেপ্টেম্বর/২০২৬ মাসে উদ্ধারকৃত ৫১টি হারানো মোবাইল ফোন এবং নগদ একাউন্টের মাধ্যমে ভুলবশত চলে যাওয়া ১০,০০০/- (দশ হাজার) টাকা প্রকৃত মালিকদের নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।
আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) আর্মড পুলিশ ব্যাটালিয়ন সদর দফতরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব মোবাইল ও অর্থ প্রকৃত মালিকদের হাতে তুলে দেন ৫ এপিবিএন, উত্তরা, ঢাকার সুযোগ্য অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) জনাব মোঃ ইকবাল।
সাইবার সিকিউরিটি সেলের সহকারী পুলিশ সুপার জনাব মোঃ মেরাজুল ইসলাম-এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন—জনাব মৌসুমি মন্ডল, অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত),জনাব আফসার উদ্দিন খাঁন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, জনাব সুজয় সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (অপস্ এন্ড ইন্ট.), জনাব মোঃ আনোয়ার হোসেন, সহকারী পুলিশ সুপার এবং অত্র ইউনিটের পুলিশ পরিদর্শকবৃন্দ।

মোবাইল ও অর্থ হস্তান্তরকালে অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) জনাব মোঃ ইকবাল বলেন, "জনগণের সেবা ও সুরক্ষা নিশ্চিত করাই আমাদের প্রধান দায়িত্ব। নাগরিকদের হারানো সম্পদ উদ্ধার করে তাদের হাতে ফিরিয়ে দিতে পেরে আমরা আনন্দিত। সাইবার অপরাধ দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা প্রদানে ৫ এপিবিএনের সাইবার সিকিউরিটি সেল সর্বদা সচেষ্ট রয়েছে এবং এই জনকল্যাণমূলক কাজ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"
এছাড়াও, ভবিষ্যতে কারো মোবাইল হারিয়ে গেলে তা দ্রুত ফিরে পাওয়ার লক্ষ্যে তিনি ৫ এপিবিএন-এর নির্ধারিত অনলাইন ফর্ম (https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdwEjqQCaxkbQ_idzJBxKtBobP5D4QhFm2dSM4MZCsxKahUcg/viewform) পূরণ করে আবেদন জানানোর পরামর্শ দেন।
নিজ নিজ হারানো মোবাইল ও টাকা ফেরত পেয়ে উপস্থিত নাগরিকেরা ৫ এপিবিএনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
