

রমজান আলী, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভায় দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ শুরু হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সাতকানিয়া পৌরসভা আয়োজিত এ অভিযানের শুভ উদ্বোধন করা হয়।
অভিযানের উদ্বোধন করেন সাতকানিয়া উপজেলা নিবার্হী অফিসার ও পৌরসভার প্রশাসক রাজীব দাশ পুরকায়স্থ। এ সময় পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনকালে প্রশাসক রাজীব দাশ পুরকায়স্থ বলেন, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এডিস মশা সাধারণত জমে থাকা পানিতে বংশবিস্তার করে। তাই বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস-আদালত, ব্যবসা প্রতিষ্ঠান ও আশপাশের এলাকায় পানি জমতে দেওয়া যাবে না।
তিনি বলেন, শুধু পৌরসভার একার পক্ষে ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। ডেঙ্গুর ঝুঁকি কমাতে নাগরিকদেরও নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। নিয়মিত ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কার রাখা এবং পরিত্যক্ত পাত্র, টায়ার, ডাবের খোসা কিংবা যেসব স্থানে পানি জমতে পারে সেগুলো পরিষ্কার রাখার ওপর গুরুত্ব দেন তিনি।
অভিযানের অংশ হিসেবে পৌর এলাকার বিভিন্ন স্থানে জমে থাকা পানি ও ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। পাশাপাশি এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে তা ধ্বংস এবং পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।
পৌরসভা কর্তৃপক্ষ জানিয়েছে, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগও অব্যাহত থাকবে। এ কার্যক্রমে পৌরবাসীকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
