

তারেক পাঠান, পলাশ (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর পলাশে চাচীকে একাধিকবার ধর্ষণ ও ওই ঘটনায় সন্তান জন্মদানের অভিযোগে দায়ের করা মামলায় প্রধান আসামি অপূর্ব চন্দ্র দাসকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
নরসিংদী পিবিআই পুলিশ সুপার ড.এস.এম ফরহাদ হোসেনের তত্বাবধানে পিবিআই পুলিশ পরির্দশক অপারেশন ইনর্চাজ শহিদুল ইসলাম ও তদন্তকারী কর্মকর্তা এসআই আমিনুল ইসলামের অভিযানে রবিবার বিকালে উপজেলার গাবতলী পণ্ডিতপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে পিবিআই নরসিংদী প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে।
প্রেস বিজ্ঞপ্তিত ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গ্রেপ্তার অপূর্ব চন্দ্র দাস পলাশ উপজেলার গাবতলী পণ্ডিতপাড়া এলাকার নীল চন্দ্র দাসের ছেলে। সে ওই এলাকার স্থায়ী বাসিন্দা। মামলার এজাহারে ওই নারী অভিযোগ করেন, তার স্বামী দীর্ঘদিন ধরে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছিলেন। এ সুযোগে একাধিকবার বসতঘরে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়।
অভিযোগে আরও বলা হয়, ঘটনার পর ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। পরে চলতি বছরের ১৭ এপ্রিল তিনি একটি কন্যাসন্তানের জন্ম দেন। সন্তান জন্মের পর শিশুটির পিতৃপরিচয় নিয়ে জটিলতা তৈরি হয়। একই সঙ্গে নিজের নিরাপত্তা নিয়েও উদ্বেগ দেখা দিলে তিনি আইনের আশ্রয় নেন এবং আদালতে মামলা করেন।
মামলা দায়েরের পর পিবিআই বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে ছায়া তদন্ত শুরু করে। তদন্তের অংশ হিসেবে তথ্যপ্রযুক্তির সহায়তা ও বিভিন্ন সোর্সের মাধ্যমে আসামির অবস্থান শনাক্ত করা হয়। পরে রবিবার বিকালে পণ্ডিতপাড়া এলাকা থেকে অপূর্ব চন্দ্র দাসকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর তাকে আদালতে হাজির করা হলে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেন। মামলাটির তদন্ত কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে বলে জানিয়েছে তদন্তসংশ্লিষ্টরা।
