

মতিয়ার রহমান মধু, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় ‘ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ: অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে ফিরে আসে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার শহীন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাস, সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব তৈয়ব হাসান শামসুজ্জামান বাবু, সাংবাদিক মনিরুল ইসলাম মিনি, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মো. সাকিবুর রহমান, জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা আক্তার বিউটি, পল্টু বাসার, কোস্টাল সংস্থার শাহীন এবং সাতক্ষীরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় ও রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের দুই শিক্ষার্থী।
সভায় বক্তারা বলেন, ডিজিটাল প্রযুক্তির দ্রুত বিস্তারের এই সময়ে নাগরিকদের কাছে সঠিক, নির্ভরযোগ্য ও সময়োপযোগী তথ্য পৌঁছে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্যের বিস্তার রোধে তথ্য অধিকার আইন সম্পর্কে জনসচেতনতা বাড়ানো এবং তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
তারা বলেন, স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসন প্রতিষ্ঠার পাশাপাশি দুর্নীতি প্রতিরোধেও তথ্য অধিকার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পর্কে নাগরিকদের তথ্য জানার সুযোগ যত বাড়বে, সমাজে জবাবদিহি ও সুশাসন প্রতিষ্ঠার পথ ততই সুগম হবে। আলোচনা সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বেসরকারি সংস্থার প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
টিআইবির প্রবন্ধ উপস্থাপনের মাধ্যমে আলোচনা সভাটি সঞ্চালনা করেন জেলা তথ্য কর্মকর্তা মো. জাহারুল ইসলাম।
