

জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। বরখাস্তকৃত শিক্ষক হলেন উপজেলা শহরের জাঙ্গিরাই দাখিল মাদ্রাসার সহকারি শিক্ষক কবির আহমদ।
এ বিষয়ে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) মাদ্রাসার ম্যানেজিং কমিটির এক সভায় সিদ্ধান্ত গ্রহণ করে যথাযথ কর্তৃপক্ষ বরাবর পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পত্র প্রেরণ করা হয়েছে।
জানা যায়, জাঙ্গিরাই দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক কবির আহমদ এর বিরুদ্ধে দীর্ঘদিন থেকে অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগ রয়েছে। গত কয়েকবছর পুর্বে এ ধরণের অশ্লীল নারী কর্মকান্ডের সাথে জড়িত থাকার এক অভিযোগে তার উপর মামলা হয় এবং তিনি হাজতবাস করেন। গত কয়েকদিন থেকে আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন প্রবাসীর স্ত্রীর সাথে ২১ মিনিট ১৯ সেকেন্ডের এক অশ্লীল ভাষায় কথাবার্তার অডিও (সংরক্ষিত) ফাঁসের ঘটনা ঘটলে মাদ্রাসার ভাবমূর্তি বিনষ্ট হওয়ায় ম্যানেজিং কমিটি তাকে বিধি মোতাবেক শোকজ নোটিশ প্রেরণ করেন। নির্ধারিত সময়ের মধ্যে অভিযুক্ত শিক্ষক কবির আহমদ শোকজ নোটিশের জবাব না দেয়ায় তার বিরুদ্ধে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
অভিযোগের বিষয়ে সাময়িক বরখাস্তকৃত শিক্ষক কবির আহমদ বলেন, জাঙ্গিরাই দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ও বর্তমান শিক্ষানুরাগী সদস্য ডা: আবুল হোসেনের জুড়ী শহরের প্রতিষ্ঠান নাহার ফার্মেসির একটি ঘটনা নিয়ে দীর্ঘদিন থেকে আমার সাথে দ্বন্দ্ব চলছে। এরই অংশ হিসেবে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আমাকে মাদ্রাসা থেকে বরখাস্ত করা হয়েছে। আমি কারণ দর্শানোর নোটিশ জমা দেওয়ার জন্য সময় চেয়ে আবেদন করলেও আমাকে সময় না দিয়ে একতরফা আমার বিরুদ্ধে সিদ্ধান্ত নেয়া হয়েছে।
জাঙ্গিরাই দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা আব্দুর রহিম সরকার শিক্ষক কবির আহমদ কে সাময়িক বরখাস্ত করার বিষয়টি নিশ্চিত করে বলেন, ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত মোতাবেক তাকে সাময়িক বরখাস্ত করা হয়। তদন্ত সাপেক্ষে এবং বিধি মোতাবেক পরবর্তীতে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
জুড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম বলেন, শিক্ষক কবির আহমদ কে মাদ্রাসার ম্যানেজিং কমিটি বরখাস্ত করে আমাকে অবহিত করেছে। অবহিত পত্রে জানতে পারলাম, কবির আহমদকে শোকজ করা হয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে জবাব না দেয়ায় শৃঙ্খলাভঙ্গের কারণে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
