

হুমায়ুন কবীর রিন্টু, নড়াইল প্রতিনিধি: নড়াইলে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ‘আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস’ উদযাপিত হয়েছে। নড়াইল জেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষ্যে সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর হতে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন নড়াইলের জেলা প্রশাসক ড. মোহাম্মদ আব্দুল ছালাম।
সভায় বক্তারা তথ্য অধিকার আইনের সঠিক প্রয়োগ, সরকারি ও বেসরকারি দাপ্তরিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের সহজে তথ্য পাওয়ার অধিকার সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। অনুষ্ঠানে আরোও বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার নুরে আলম সিদ্দিকি, নড়াইল জেলা তথ্য অফিসার রোস্তম আলী, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী রানী মজুমদার প্রমুখ।
জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ বিভিন্ন শেণিপেশার মানুষ এ অনুষ্ঠানে সম্পৃক্ত ছিলেন।
