

কিশোরগঞ্জ প্রতিনিধি: মাদকের ভয়াবহতা রোধে জেলা পুলিশের পাশাপাশি রেলওয়ে পুলিশও যথেষ্ট তৎপর রয়েছে। এরই ধারাবাহিকতায় কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রমজান আলী (৪০) নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে রেলওয়ে পুলিশ।
রোববার (২৭ সেপ্টেম্বর, ২০২৬) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মের দক্ষিণ পাশে গণশৌচাগারের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
আটক মো. রমজান আলী (৪০) কিশোরগঞ্জ সদর উপজেলার পূর্ব তারাপাশা এলাকার বাসিন্দা। তার পিতার নাম মো. আব্দুল বারী এবং মাতার নাম মনোয়ারা খাতুন।
কিশোরগঞ্জ রেলওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযান চলাকালে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মের দক্ষিণ প্রান্তে গণশৌচাগারের সামনে রমজান আলীকে সন্দেহজনকভাবে অবস্থান করতে দেখতে পায় রেলওয়ে পুলিশের পিএফ পার্টি। পরে পুলিশ সদস্যরা তাকে আটক করে তল্লাশি চালালে তার কাছ থেকে ২৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ঢাকা জেলা রেলওয়ে পুলিশের (জিআরপি) অফিসার ইনচার্জ মো. বাহাউদ্দীন জানান, স্টেশন এলাকায় খদ্দেরের কাছে ইয়াবা সরবরাহের উদ্দেশ্যে রমজান আলী প্ল্যাটফর্মের দক্ষিণ প্রান্তে গণশৌচাগারের সামনে অবস্থান করছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
তিনি আরও জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। রেলস্টেশন ও ট্রেনকে মাদক কেনাবেচা কিংবা সরবরাহের কাজে ব্যবহার করতে দেওয়া হবে না।
এ ঘটনায় আটক মো. রমজান আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের ও পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গৃহীত হয়েছে বলে পুলিশ জানিয়েছে। মামলা নং ০২ তারিখ ২৭/০৯/২৬ ইং ধারা ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(ক)। অভিযান চলমান থাকবে।
