ঢাকা
logo
প্রকাশিত : September 28, 2026

ঠাকুরগাঁওয়ে পৃথক দুই শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৬৫ বছরের বৃদ্ধ

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় একই দিনে পৃথক দুটি শিশুকে ধর্ষণ ও ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের কলিগাঁও ও লেহেম্বা ইউনিয়নের পদমপুর হাজিপাড়া গ্রামে রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে এ দুটি ঘটনা ঘটে। এ ঘটনায় রাতে ভুক্তভোগী দুই শিশুর পরিবারের পক্ষ থেকে রাণীশংকৈল থানায় পৃথক দুইটি মামলা করা হয়েছে। একটি মামলায় ৬৫ বছর বয়সী এক বৃদ্ধকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। অপর মামলার আসামি পলাতক রয়েছেন।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, হোসেনগাঁও ইউনিয়নের কলিগাঁও গ্রামের আব্দুর রশিদের ছেলে মনসুর রহমান ওরফে মোশাররফ মোড়ল (৬৫)-এর বিরুদ্ধে একই গ্রামের এক দিনমজুরের ১২ বছর বয়সী মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে। মামলার এজাহার অনুযায়ী, রোববার বিকেলে মোশাররফ মোড়ল ওই শিশুকে মোবাইল ফোনে নাটক দেখানোর কথা বলে নিজ বাড়িতে ডেকে নেন। ওই সময় বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে তিনি শিশুটির ওপর নির্যাতন চালান বলে অভিযোগ করা হয়েছে।

পরে শিশুটি বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের কাছে বিষয়টি জানালে এলাকায় ঘটনাটি জানাজানি হয়। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বিক্ষুব্ধ লোকজন কলিগাঁও গ্রামের ক্লাবের মোড়ে মোশাররফ মোড়লকে ঘিরে ফেলেন। প্রায় তিন ঘণ্টা তিনি সেখানে অবরুদ্ধ ছিলেন বলে স্থানীয়রা জানান।

খবর পেয়ে রাণীশংকৈল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং বিক্ষুব্ধ জনতার কাছ থেকে মোশাররফ মোড়লকে হেফাজতে নেয়। পরে শিশুটির বাবা বাদী হয়ে রাতে থানায় ধর্ষণের মামলা করেন। মামলার পর তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

অন্যদিকে, একই দিন বিকেলে উপজেলার লেহেম্বা ইউনিয়নের পদমপুর হাজিপাড়া গ্রামে ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে এনামুল হক (৫৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। তিনি ওই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, এনামুল হক শিশুটিকে মসজিদের টয়লেটের দিকে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। এ সময় অন্য একটি শিশু ঘটনাটি দেখে ফেললে এনামুল হক সেখান থেকে পালিয়ে যান। পরে বিষয়টি জানাজানি হলে শিশুটির পরিবারের পক্ষ থেকে রাতে থানায় ধর্ষণচেষ্টার মামলা করা হয়।

দুটি ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং অভিযোগের সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী বলেন, পৃথক দুটি ঘটনায় থানায় মামলা হয়েছে। একটি মামলায় ৬৫ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। অপর মামলার আসামি এনামুল পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram