

পিন্টু দেবনাথ, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: প্রকৃতির অবিরাম মায়াজালে ঘেরা পর্যটন উপজেলা মৌলভীবাজারের কমলগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ‘বিশ্ব পর্যটন দিবস ২০২৬’। “ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন” প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের দিবসটি বিশ্ববাসীর সামনে কমলগঞ্জের পর্যটন সম্ভাবনাকে নতুন মাত্রায় তুলে ধরেছে।
রবিবার দুপুরে চিরসবুজ লাউয়াছড়া জাতীয় উদ্যানের সামনে বিশ্ব পর্যটন দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রার শুভ উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল নাঈম। “ট্যুরিজম কমলগঞ্জ”-এর উদ্যোগে এবং বিশ্ব পর্যটন দিবস ২০২৬ উদযাপন কমিটির আয়োজনে শোভাযাত্রাটি লাউয়াছড়ার গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে।
শোভাযাত্রা শেষে ‘ট্যুরিজম কমলগঞ্জ’-এর আহ্বায়ক শাব্বির এলাহীর সভাপতিত্বে ও সদস্য সচিব নির্মল এস পলাশের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. দুরুদ আহমদ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. আবুল হোসেন, লাউয়াছড়া রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হক এবং ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ প্রজিত কুমার দাস। বক্তারা কমলগঞ্জের অপার প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় ডিজিটাল প্রযুক্তির সঠিক ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে ‘ট্যুরিজম কমলগঞ্জ’-এর নেতৃবৃন্দ, ট্যুরিস্ট পুলিশ, সাংবাদিক এবং বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে মনোজ্ঞ মণিপুরী নৃত্য পরিবেশন করা হয়, যা উপস্থিত পর্যটক ও অতিথিদের বিমোহিত করে। পরে পরিবেশ সুরক্ষার বার্তা নিয়ে একটি বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে দিবসের কার্যক্রমের সমাপ্তি ঘটে।
