

মো: নাজমুল হোসেন ইমন, চট্টগ্রাম: চট্টগ্রামের পতেঙ্গায় অভিযান চালিয়ে মিয়ানমার থেকে অবৈধভাবে আনা প্রায় ৩৩ লাখ টাকা মূল্যের লোহার ও পুরাতন ব্যাটারি স্ক্র্যাপসহ ৭ চোরাকারবারিকে আটক করেছে কোস্ট গার্ড।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে পতেঙ্গা সী বিচ সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা।
এ সময় একটি কার্গো বোটে তল্লাশি চালিয়ে প্রায় ২ হাজার কেজি লোহার স্ক্র্যাপ ও ২০ হাজার কেজি পুরাতন ব্যাটারি স্ক্র্যাপ উদ্ধার করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, স্ক্র্যাপগুলো মিয়ানমার থেকে ফিশিং বোটে করে অবৈধভাবে বাংলাদেশে আনা হয়। পরে কার্গো বোটে করে কর্ণফুলী চ্যানেলে প্রবেশ করানো হয়েছিল।
জব্দ মালামাল, বোট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।
