

আশরাফুল ইসলাম, শার্শা (যশোর) প্রতিনিধি: যশোর জেলার আগস্ট মাসের সার্বিক কার্যক্রমে দক্ষতা ও সাফল্যের স্বীকৃতি হিসেবে শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর (এসআই) নির্বাচিত হয়েছেন শার্শা থানার এসআই (নিঃ) মো. শরিফুল ইসলাম।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএমের কাছ থেকে জেলার শ্রেষ্ঠ এসআই হিসেবে নির্বাচিত হওয়ায়
সম্মাননা ও পুরস্কার গ্রহণ করেন শার্শা থানার এসআই শরিফুল ইসলাম।
সন্মাননা প্রদানকালীন উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রাজিবুল ইসলাম, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন থানার ওসি, ডিবি ও ট্রাফিক পুলিশসহ বিভিন্ন পদমর্যাদার অফিসার ও সদস্যরা।
পুলিশ সূত্রে জানা গেছে, আগস্ট ২০২৬ মাসে এসআই শরিফুল ইসলামের নেতৃত্বে যাবজ্জীবন সাজাপ্রাপ্তসহ তিন সাজাপ্রাপ্ত ও আট পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার হন। এ ছাড়া সাত ভিকটিম উদ্ধার, নিয়মিত মামলায় ১২ আসামি এবং মোবাইল কোর্ট ও ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়। ওই মাসে মোট ২৯ আসামি গ্রেপ্তার ও সাতটি মাদক মামলার বাদী হওয়াসহ সার্বিক কার্যক্রম বিবেচনায় তাকে জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত করা হয়।
সম্মাননা ও পুরস্কার পেয়ে শার্শা থানার সাব-ইন্সপেক্টর শরিফুল ইসলাম বলেন, শ্রেষ্ঠ এসআই পুরস্কার পাওয়ায় জনগণের হয়ে কাজ করার দায়িত্ব আরও বেড়ে গেল। এই মর্যাদা যেন ধরে রাখতে পারি, সাধারণ জনগণের আস্থা অর্জনে আরও উদ্যোগ নেব। থানায় এসে কোনো মানুষ যাতে বলতে না পারে পুলিশ খারাপ। পুলিশ হবে জনগণের বন্ধু, যশোর পুলিশ সুপারের নির্দেশনায় জনবান্ধব পুলিশের দৃষ্টান্ত স্থাপনে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমার শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.শামিনুল হক এবং সকল এসআই, এএসআই, কনস্টেবল সহ সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। আগামীতে সেবার মান বাড়িয়ে পুলিশ এবং সেবা গ্রহিতার মধ্যে সুসম্পর্ক গড়ার প্রত্যয় নিয়ে কাজ করে যাবো।
