

এসআই মল্লিক, ঝিনাইদহ: ফ্যাসিস্ট আ’লীগ সরকার বিগত ১৭ বছরে বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি খাতে ব্যাপক অনিয়ম লুটপাট করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। যে কারণে দেশে এখনো বিদ্যুৎ সংকট ও সমস্যা রয়ে গেছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় ঝিনাইদহের কালীগঞ্জ শহরের মিনি স্টেডিয়াম এলাকায় হকার্স মার্কেট নির্মাণের ভিত্তি প্রস্তুর উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
আ’লীগের ১৭ বছরের রেখে যাওয়া এই সংকট একদিনেই নিরসন করা সম্ভব নয়। বিএনপি সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান সকল সংকট নিরসনে কাজ করে চলেছেন। বর্তমান বিদ্যুৎ সংকটের কথা স্বীকার করেই প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট দ্বায়িত্বশীল মন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন।
রাশেদ খান বলেন, বিদ্যুৎ আমদানি নির্ভরতা কাটিয়ে নিজেদের স্বাবলম্বী হতে হবে। এজন্য সোলার সিস্টেম উন্নয়ন করাসহ নতুন টার্মিনাল স্থাপন করতে হবে। তাহলে খুব অল্প সময়ের মধ্যেই বিদ্যুৎ সংকট কেটে যাবে।
তিনি বলেন, বিএনপি জনগণের সরকার। জনগণের দুর্ভোগ কমাতে সরকার নিরলসভাবে কাজ করছে। এসময় তিনি বলেন, কালীগঞ্জ শহর যেন ঢাকার মত যানজটের শহর। এখানে সাধারণ মানুষের কথা ভেবেই সড়কে বসা দরিদ্র হকারদের জন্য একটি হকার্স মার্কেট নির্মাণের ব্যবস্থা করা হয়েছে। যেটি বাস্তবায়নের পথে। পাশাপাশি এই স্থানে পূর্ণাঙ্গ একটি স্টেডিয়াম নির্মাণ হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
হকার্স মার্কেট নির্মাণের ভিত্তি প্রস্তুর ফলক উন্মোচনের অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ, থানার অফিসার ইনচার্জ জুলফিকার আলী, স্বাস্থ্য কর্মকর্তা আমানুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির জৈষ্ঠ্য নেতা তবিবুর রহমান মিনি, হাফিজুর রহমান. জহির হাসান মোহন, ডাঃ নুরুল ইসলাম, ইসরাইল হোসেন জীবন, ইলিয়াস রহমান মিঠু, লুৎফর রহমান লেন্টু, যুবদলের মাহবুবুর রহমান মিলন, কালীগঞ্জ পৌরসভার সচিব (ভারপ্রাপ্ত) কবির হাসানসহ স্থানীয় গনমাধ্যমের কর্মীরা।
