ঢাকা
logo
প্রকাশিত : September 24, 2026

পুঠিয়ায় বজ্রপাত রোধে ২০০ তালগাছের চারা রোপণ

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: বজ্রপাতের ঝুঁকি কমানো ও পরিবেশের ভারসাম্য রক্ষায় রাজশাহীর পুঠিয়ায় তালগাছের চারা রোপণ কর্মসূচি ও কৃষকদের নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার ধোপাপাড়া এলাকার বড়বিলের রাস্তার দুই পাশে এ কর্মসূচি পালন করা হয়।

স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি’র ক্রপ কেয়ার ডিভিশনের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে বড়বিল এলাকায় ২০০টি তালগাছের চারা রোপণ করা হয়। একই সঙ্গে খোলা মাঠে কৃষকদের বজ্রপাতের ঝুঁকি ও করণীয় সম্পর্কে সচেতন করা হয়।

আয়োজকরা জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশে প্রাকৃতিক দুর্যোগের মাত্রা বাড়ছে। বিশেষ করে খোলা মাঠে কৃষিকাজ করতে গিয়ে বজ্রপাতে প্রাণহানির ঘটনা উদ্বেগজনক। এ অবস্থায় পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি বজ্রপাতের ঝুঁকি কমাতে তালগাছের চারা রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে।

স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশন জানায়, এর আগে নওগাঁ সদর ও পাবনার চাটমোহর উপজেলায় ৫০০টি তালগাছের চারা রোপণের মধ্য দিয়ে দেশব্যাপী কর্মসূচির সূচনা করা হয়। ২০২৪ সাল থেকে এ পর্যন্ত প্রতিষ্ঠানটির পক্ষ থেকে প্রায় ১৩ হাজার তালগাছের চারা রোপণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় পুঠিয়ার ধোপাপাড়া বড়বিলে আরও ২০০টি চারা রোপণ করা হলো।

কর্মসূচি শেষে স্থানীয় কৃষকদের নিয়ে অনুষ্ঠিত সচেতনতামূলক সভায় বজ্রপাতের সময় খোলা মাঠে অবস্থান না করা, নিরাপদ আশ্রয়ে যাওয়া এবং ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে সতর্ক থাকার বিষয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ ইসরাফিল হক। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ইমরান আলী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা হাসিবুল রহমান, স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি’র ক্রপ কেয়ার ডিভিশনের জোনাল সেলস ম্যানেজার মো. মুরাদ হোসেন, ফিল্ড ম্যানেজার শেরেকুল ইসলাম, সিনিয়র সেলস ডেভেলপমেন্ট অফিসার নাহিদ আক্তারসহ স্থানীয় কৃষক ও গণ্যমান্য ব্যক্তিরা।

এ সময় ধোপাপাড়া ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আরজ আলী, বিএনপি নেতা আয়েন উদ্দিন, যুবদল নেতা হায়দার আলী ও পিন্টু ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

তালগাছের সারি শুধু সবুজের সৌন্দর্য নয়—বজ্রপাতপ্রবণ গ্রামীণ জনপদে সচেতনতা ও পরিবেশ সুরক্ষার বার্তাও বহন করবে বলে মনে করছেন আয়োজকরা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram