ঢাকা
logo
প্রকাশিত : September 24, 2026

কলারোয়ায় পতিত জমিতে পানিফলের বাম্পার ফলন, ভালো দামে খুশি চাষিরা

জুলফিকার আলী, কলারোয়া​ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলার গোপীনাথপুর এলাকায় এবারও জমে থাকা পানিতে সুস্বাদু ও পুষ্টিকর পানিফলের (পানিসিংড়া) বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে। উপজেলা কৃষি অফিসের নিবিড় তদারকি ও সময়োপযোগী পরামর্শে গোপীনাথপুর মাঠের প্রায় ৬ হেক্টর জমিতে এবার পানিফলের সফল চাষ হয়েছে। ইতোমধ্যে বাজারে ভালো দামে পানিফল বিক্রি শুরু হওয়ায় চাষিদের মুখে হাসি ফুটে উঠেছে।

​সরেজমিনে জানা যায়, গোপীনাথপুর এলাকার নিচু জমি ও জমে থাকা জলাশয়কে কাজে লাগিয়ে প্রতি বছরের মতো এবারও বাণিজ্যিক ভিত্তিতে পানিফল চাষ করেছেন স্থানীয় কৃষকরা। এবার গোপীনাথপুর মাঠে প্রায় ১৫ থেকে ১৬ জন চাষি এই ফল চাষে যুক্ত হয়েছেন। এদের মধ্যে সুলতান ধাপকের ছেলে একুব্বার ধাপক ৫ বিঘা, ইসমাইল হোসেনের ছেলে রেজাউল ইসলাম ৬ বিঘা, সুলতান গাজীর ছেলে নাজির হোসেন আড়াই বিঘা, রফিকুল ইসলামের ছেলে ফারুক হোসেন ৪ বিঘা, তহিদুল ইসলাম ৬ বিঘা, সুলতানের ছেলে দীন মোহাম্মদ ১ বিঘা, হাফিজুল ইসলামের ছেলে রেজাউল ইসলাম ৩ বিঘা এবং আব্দুল মজিদের ছেলে ওয়াজেদ আলী ১ বিঘা জমিতে পানিফলের আবাদ করেছেন।

​চাষিরা জানান, মৌসুমের শুরুতেই স্থানীয় বাজারে পানিফল উঠতে শুরু করেছে। বর্তমানে বাজারে প্রতি কেজি পানিফল ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। ভালো ফলন ও কাঙ্ক্ষিত দাম পাওয়ায় তারা দারুণ সন্তুষ্ট।

​মাঠ পর্যায়ে কৃ‌ষি সেবার বিষয়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবীর হোসেন জানান, তিনি নিয়মিত গোপীনাথপুরের পানিফল চাষীদের খোঁজখবর নিচ্ছেন এবং সঠিক পরিচর্যা ও পোকা-মাকড় দমনে প্রয়োজনীয় কারিগরি পরামর্শ দিয়ে যাচ্ছেন।

​এ বিষয়ে কলারোয়া উপজেলা কৃষি কর্মকর্তা সৌরভ দেবনাথ বলেন, কৃষি অফিসের পরামর্শ ও সার্বিক সহযোগিতা নিয়ে গোপীনাথপুর এলাকায় প্রতিবছর স্থানীয় চাষিরা সফলভাবে পানিফল চাষ করে আসছেন। এবারও ৬ হেক্টর জমিতে এর আবাদ হয়েছে। ফলন অত্যন্ত ভালো হওয়ায় চাষিরা বাম্পার ফলনের আশা করছেন এবং আমরাও তাদের সব ধরণের কৃষি সহায়তা দিতে প্রস্তুত রয়েছি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram