

যশোর প্রতিনিধি: যশোরে পৃথক দুর্ঘটনায় এক ইন্টারনেটকর্মী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে যশোর শহরে বৈদ্যুতিক পোলে উঠে কাজ করার সময় মই থেকে পড়ে ইন্টারনেটকর্মী এবং কেশবপুরে মাঠে কাজ ও মাছ ধরতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু হয়।
সকাল ১১টার দিকে যশোর শহরের জেস্ট টাওয়ারের সামনে বৈদ্যুতিক পোলে উঠে ইন্টারনেটের কাজ করার সময় মই থেকে পড়ে ইমরান হোসেন ইমন (২৯) নামে এক ইন্টারনেটকর্মী গুরুতর আহত হন। সহকর্মীরা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে পুরুষ সার্জারি ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ১১টার দিকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
নিহত ইমরান হোসেন খুলনার টুটপাড়া এলাকার আজাহার আলী শেখের ছেলে। তিনি যশোর শহরের মুড়লী মোড় এলাকার একটি ইন্টারনেট প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। সহকর্মীদের সঙ্গে নিয়ে বৈদ্যুতিক পোলে উঠে কাজ করার সময় অসাবধানতাবশত মই থেকে নিচে পড়ে তিনি গুরুতর আহত হন।
অন্যদিকে, কেশবপুরে বজ্রপাতে জনাব আলী গাজী (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের নতুন মূলগ্রামে এ ঘটনা ঘটে। নিহত জনাব আলী গাজী ওই গ্রামের মৃত ইমান আলীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সকালে জমিতে কাজ ও মাছ ধরার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন জনাব আলী। সকালে প্রচণ্ড বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে বাড়িতে ফেরার পথে বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে কেশবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করেছে। দুটি ঘটনায় সংশ্লিষ্ট থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
