

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: সাংবাদিকতায় বিশেষ অবদানে অসামান্য স্বীকৃতি অর্জন করেছেন কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক ও প্রকাশক পিন্টু দেবনাথ। যুক্তরাষ্ট্র প্রবাসী ইঞ্জিনিয়ার লায়ন বশীর উদ্দীন আহমেদ কর্তৃক প্রতিষ্ঠিত 'বেগম নূরজাহান মেমোরিয়াল ট্রাস্ট'-এর পক্ষ থেকে তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়।
সোমবার (২১ সেপ্টেম্বর) মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী কালী প্রসাদ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এক অনাড়ম্বর ও বরেণ্য আয়োজনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে এই সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। স্থানীয় গুণীজন, শিক্ষক ও বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।
দীর্ঘদিন ধরে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত আছেন পিন্টু দেবনাথ। প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন মিডিয়ার শীর্ষস্থানীয় বেশ কিছু প্রতিষ্ঠানে তিনি সফলতার সাথে দায়িত্ব পালন করে আসছেন। বর্তমানে তিনি জনপ্রিয় টেলিভিশন ইন্ট্যারন্যাশনাল চ্যানেল এনটিভি ইউরোপ লি.-এর কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলা প্রতিনিধি, ইংরেজি দৈনিক 'দি বাংলাদেশ টুডে' ও জাতীয় দৈনিক 'আমার বার্তা'-র জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। এছাড়া আঞ্চলিক দৈনিক 'যুগভেরী' ও 'কাজির বাজার'-এর মৌলভীবাজার জেলা প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করছেন।
পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে সক্রিয়ভাবে জড়িত থেকে জনকল্যাণমূলক কাজ করে যাচ্ছেন। বর্তমানে তিনি কমলগঞ্জ প্রেসক্লাব-এর সিনিয়র সহসভাপতি, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব-এর সহসভাপতি এবং কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতির দায়িত্ব পালন করছেন। স্থানীয় পর্যায়ে তাঁর এই বহুমুখী অবদান ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সর্বমহলে প্রশংসিত হয়েছে।
বেগম নূরজাহান মেমোরিয়াল ট্রাস্টের এই সম্মাননা প্রাপ্তির পর প্রতিক্রিয়ায় সাংবাদিক পিন্টু দেবনাথ ট্রাস্টের প্রতিষ্ঠাতা সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান, এই সম্মাননা তাঁর দায়িত্ববোধ ও কাজের স্পৃহা আরও বহুগুণ বাড়িয়ে দেবে। তিনি ভবিষ্যতেও সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
