

একে মিলন, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার বিভিন্ন নদ-নদীতে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত শুল্ক আদায়ের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকালে উপজেলার লালপুর বাজারে শতাধিক ব্যবসায়ী ও শ্রমিকদের উপস্থিতিতে এ কর্মসূচি পালিত হয়।
জামালগঞ্জ মিনি স্টোন ক্রাশার সমিতি’র সভাপতি হোসেন আহমদ লালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অমিরুল হক’র সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সমিতির সদস্য ও পাথর ব্যবসায়ী জসিম উদ্দিন, লোকমান হোসেন, কবির হোসেন, নবী নূর, আমিরুল হক, বাংলাদেশ কার্গো বাল্কহেড সমিতির সভাপতি হাবিবুর রহমান প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, সরকারি নিয়ম অনুযায়ী মালামাল লোড-আনলোডের জন্য শুধু একবার প্রতি ঘনফুটে ৫০ পয়সা হারে শুল্ক আদায়ের কথা থাকলেও জামালগঞ্জের বিভিন্ন ঘাটে বিআইডব্লিউটিএ কর্তৃক লোড ও আনলোডে ২ টাকা ৮০ পয়সা করে মোট ৫ টাকা ৬০ পয়সা শুল্ক আদায় করা হচ্ছে, যা সম্পূর্ণ বেআইনী ও অবৈধ। এতে চরম লোকসানের মুখে পড়ে আমাদের ব্যবসা বাণিজ্য বন্ধ হওয়ার উপক্রম হয়ে পড়েছে। এমন অবস্থায় হাজারো ব্যবসায়ী ও শ্রমিকদের কর্মসংস্থান ঠিকিয়ে রাখতে অতিরিক্ত শুল্ক আদায় অচিরেই বন্ধ করতে হবে।
বক্তারা আরো বলেন, সুনামগঞ্জের সবগুলো নদী বন্দরে এমনিভাবে শুল্ক আদায়ের নামে নীরব চাঁদাবাজি চলছে। এগুলো বন্ধ করতে বর্তমান সরকার ও প্রশাসনকেও নজর দিতে হবে। তা না হলে ব্যবসায়ীরা যদি তাদের ব্যবসা বাণিজ্য বন্ধ করতে বাধ্য হন। তাহলে হাজারো ব্যবসায়ী ও শ্রমিকদের না খেয়ে মরতে হবে।
এ সময় বক্তারা হুশিয়ারি দিয়ে বলেন, গেজেটে যা আছে আমরা সেই অনুযায়ী শুল্ক পরিশোধ করতে চাই। এর বাইরে আমরা কোন অতিরিক্ত শুল্ক দিবো না। দ্রুত সময়ের মধ্যে যদি এই চাঁদাবাজি বন্ধ না হয়, তাহলে আমরা ব্যবসায়ী ও শ্রমিকরাও চাঁদাবাজদের বিরুদ্ধে প্রয়োজনে যুদ্ধে নামবো। আমরা প্রয়োজনে ঘেরাও কর্মসূচি পালন করতে বাধ্য হবো।
