

শাহজাহান কবির, আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর এখন বিভিন্ন ধরনের যানবাহনের পার্কিংয়ের স্থানে পরিণত হয়েছে। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত শহীদ মিনার প্রাঙ্গণে মোটরসাইকেল, প্রাইভেট কার, বিভিন্ন কোম্পানির পণ্যবাহী গাড়ী, অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন পার্কিং করে রাখা হচ্ছে বলে স্থানীয়রা অভিযোগ তুলেছেন।
স্থানীয়দের অভিযোগ, ১৯৭৮ সনে এখানে একটি প্রাইভেট লাইব্রেরি স্থাপন করেন। এর পাশাপাশি পরবর্তীতে এখানে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারটি স্থাপন করা হয়ে। শহীদ মিনারটি শুধু ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর স্থানই নয়, এটি সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেরও গুরুত্বপূর্ণ কেন্দ্র। এখানে ২০২৪ এর ৫ আগষ্ট পরবর্তী সময়ে সকল রাজনৈতিক প্রোগ্রামগুলোও অনুষ্ঠিত হতো। কিন্তু দীর্ঘদিন ধরে এখানে যানবাহন পার্কিং করায় চত্বরটির স্বাভাবিক পরিবেশ নষ্ট হচ্ছে। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন গুলো অনুষ্ঠান করতে এসে জায়গা পাচ্ছে না।
এ ছাড়া বিকেলে স্থানীয় বাসিন্দারা শহীদ মিনার চত্বরে এসে অবসর সময় কাটাতে পারছেন না। ফলে অনেকে বাধ্য হয়ে আশপাশের রাস্তা ও ফুটপাতে সময় কাটাচ্ছেন।
আড়াইহাজার পৌর বাজারের ব্যবসায়ী আব্দুল আহাদ বলেন, শহীদ মিনার চত্বর থেকে গাড়ি পার্কিং সরিয়ে এটি জনসাধারণের ব্যবহারের উপযোগী করে দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানাচ্ছি।
স্থানীয়দের দাবি, দ্রুত শহীদ মিনার চত্বর থেকে অবৈধ ও অনিয়ন্ত্রিত গাড়ি পার্কিং বন্ধ করে জায়গাটির পরিবেশ ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়ার প্রয়োজন।
এ বিষয়ে আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুর রহমানের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, শহীদ মিনারটি জনগণের ব্যবহারের সুবিধার্থে যা যা করণীয় আমি খোঁজ খবর নিয়ে তা করার চেষ্টা করব।
