

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনালে নাচোল থানাকে ৫৬-২৮ পয়েন্টের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সদর থানা।
রোববার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পুরাতন স্টেডিয়ামে জেলা পুলিশের আয়োজনে দুই দিনব্যাপী এ প্রতিযোগিতার চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়। জমজমাট এ খেলাকে ঘিরে মাঠে উপস্থিত ছিলেন বিপুলসংখ্যক উৎসুক দর্শক। খেলোয়াড়দের দুর্দান্ত নৈপুণ্য ও আক্রমণ-পাল্টা আক্রমণে পুরো মাঠজুড়ে ছিল উত্তেজনা ও আনন্দের আবহ। দর্শকরাও প্রাণভরে উপভোগ করেন কাবাডির রোমাঞ্চকর লড়াই।
চূড়ান্ত খেলায় সদর থানার সিফাত সেরা খেলোয়াড় নির্বাচিত হন। আর পুরো টুর্নামেন্টে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন নাচোল থানার ইমরান।
খেলা শেষে বিজয়ীদের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন প্রধান অতিথি রাজশাহী রেঞ্জের ডিআইজি আসিক সাঈদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, জেলা কমিউনিটি পুলিশিংয়ের আহ্বায়ক প্রফেসর মোহাম্মদ ইব্রাহিম হোসেন, সদস্য সচিব হাসিব হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মশিউর রহমান মিঠুসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পাঁচ থানার অফিসার ইনচার্জরা।
জেলার সদর, শিবগঞ্জ, গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট থানার খেলোয়াড়রা এ প্রতিযোগিতায় অংশ নেন। এখান থেকে ১৪ জন খেলোয়াড় বাছাই করা হবে। তাদের মধ্যে ১২ জন বিভাগীয় পর্যায়ে খেলবেন। বিভাগীয় পর্যায়ে জয়ী হলে জাতীয় পর্যায়ে অংশ নেওয়ার সুযোগ পাবেন তারা।
প্রধান অতিথি ডিআইজি আসিক সাঈদ যুবসমাজকে মাদক, জুয়া ও মোবাইল ফোনের অপব্যবহার থেকে দূরে থেকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, খেলাধুলা যুবসমাজকে সুস্থ ও সুন্দর জীবন গঠনে ভূমিকা রাখে।
