

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে ট্রাকের চাপায় শামীম আল রাফি নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার হিজলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শামীম আল রাফি (২৫) টাঙ্গাইল থানা পাড়া এলাকার আব্দুল সালাম মোল্লার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে শামীম আল রাফি মোটরসাইকেলযোগে কালিয়াকৈর থেকে টাঙ্গাইলের দিকে যাচ্ছিলেন। তিনি হিজলতলী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তার মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শামীম আল রাফির মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে নাওজোড় হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
নাওজোড় হাইওয়ে পুলিশের এসআই আব্দুল করিম জানান, দুর্ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। পালিয়ে যাওয়া ট্রাকটি শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।
