

গাজীপুর প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়নসহ ৬ দফা দাবীতে আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা টু রংপুর লং মার্চ উপলক্ষে প্রথম জনসভাস্থল গাজীপুরের ভোগড়া বাইপাস মোড় পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইনসহ কেন্দ্রীয় বিশেষ টিম।
বুধবার দুপুরে কেন্দ্রীয় নেতাদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ভোগড়া বাইপাস মোড় পরিদর্শন করে। এ সময় লং মার্চকে কেন্দ্র করে পথসভাস্থলের প্রস্তুতি, জনসমাগম ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করেন তারা।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মুহাম্মদ মোবারক হোসাইন বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দল ঘোষিত ছয় দফা দাবির ভিত্তিতে ধারাবাহিক কর্মসূচি পালন করছে। এর অংশ হিসেবে ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর অভিমুখে লং মার্চ অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, ঢাকার মানিক মিয়া এভিনিউ থেকে লং মার্চ শুরু হয়ে এর প্রথম পথসভা হবে গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় ব্যাপক মানুষের সমাগম হবে বলে তারা আশা করছেন।
মুহাম্মদ মোবারক হোসাইন আরও বলেন, ইতোমধ্যে গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, গাইবান্ধা ও রংপুরে লং মার্চকে ঘিরে মানুষের মধ্যে সাড়া সৃষ্টি হয়েছে। ১৯ সেপ্টেম্বরের কর্মসূচিকে তিনি একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি হিসেবে উল্লেখ করেন।
তিনি গণমাধ্যম ও স্থানীয় প্রশাসনের সহযোগিতা কামনা করে বলেন, লং মার্চকে কেন্দ্র করে ব্যবসায়ী, পরিবহন শ্রমিকসহ সংশ্লিষ্ট সবাই সহযোগিতা করবেন বলে তারা আশা করছেন। এ বিষয়ে প্রশাসনের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে বলে জানান তিনি।
জামায়াত নেতারা জানান, ঢাকা-রংপুর লং মার্চ শান্তিপূর্ণভাবে সফল করতে গাজীপুরে ব্যাপক প্রস্তুতি নেয়া হচ্ছে।
পরিদর্শন টিমে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর জামায়াতের আমীর অধ্যাপক জামাল উদ্দিন, নায়েবে আমীর খাইরুল হাসান, মু হোসেন আলী, সেক্রেটারি আ স ম ফারুক, ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ও সাবেক কেন্দ্রীয় সভাপতি ফখরুদ্দিন মানিক, ইয়াসিন আরাফাত, গাজীপুর সিটি মেয়রপ্রার্থী ড.হাফিজুর রহমান, ছাত্রশিবির গাজীপুর মহানগর সভাপতি ইয়াসিন আরাফাত, টঙ্গী পূর্ব থানা আমীর নজরুল ইসলাম, মেট্রো সদর থানা আমীর ও ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ছাদেকুজ্জামান খানসহ জাতীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
