

নুরুল ইসলাম আসাদ, উজিরপুর (বিরশাল) প্রতিনিধি: প্রাথমিক বিদ্যালয়ে গুণগত ও মানসম্মত সেবা নিশ্চিত করতে বরিশালের উজিরপুরে ইন্টারফেইস মিটিং ও যৌথ কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সিভিএ (Citizen Voice and Action) ওয়ার্কিং গ্রুপের প্রতিনিধিরা অংশ নেন। উজিরপুর উপজেলার ১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরাও এতে অংশগ্রহণ করেন।
সভায় বিদ্যালয়গুলোর শিক্ষার পরিবেশ, শিক্ষার্থীদের প্রয়োজন, অভিভাবকদের প্রত্যাশা এবং প্রাথমিক শিক্ষাসেবার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়। অংশগ্রহণকারীরা বিদ্যালয় পর্যায়ে বিদ্যমান বিভিন্ন ঘাটতি ও সমস্যার বিষয় তুলে ধরেন। আলোচনার মাধ্যমে চিহ্নিত সমস্যাগুলোর সমাধানে সংশ্লিষ্ট সরকারি দপ্তর, বিদ্যালয় কর্তৃপক্ষ, অভিভাবক ও কমিউনিটির সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে দায়িত্বশীল পক্ষগুলোর করণীয় নির্ধারণ এবং বাস্তবায়নযোগ্য যৌথ কর্মপরিকল্পনা গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।
এ সভায় অংশ নেওয়া বিদ্যালয়গুলো হলো উত্তর মুন্সীর তাল্লুক সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাবরখান সরকারি প্রাথমিক বিদ্যালয়, দাসের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাখালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মধ্য সাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, গজলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, জয়শ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়, কালিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, হারতা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শানুহার সরকারি প্রাথমিক বিদ্যালয়। CVA বা Citizen Voice and Action হলো নাগরিকের কণ্ঠস্বর ও কার্যকর উদ্যোগভিত্তিক একটি সামাজিক জবাবদিহিতা ও নাগরিক অংশগ্রহণমূলক পদ্ধতি। এর মাধ্যমে জনগণ শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, শিশু সুরক্ষা, পানি ও স্যানিটেশনসহ মৌলিক সেবার মান ও প্রাপ্যতা সম্পর্কে মতামত দেওয়ার সুযোগ পান। একই সঙ্গে সেবার ঘাটতি চিহ্নিত করে সরকারি সেবা প্রদানকারী, স্থানীয় পর্যায়ের প্রতিষ্ঠান ও কমিউনিটির প্রতিনিধিরা যৌথভাবে সমাধানের উদ্যোগ গ্রহণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জল্লা আইডিয়াল কলেজের প্রভাষক সৈয়দ আশরাফুল ও উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার নাসরিন আক্তার। প্রধান আলোচক ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার সিলভিয়া ডেইজি। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এডিপির কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার (সিডিও) জেভিয়ার বিশ্বাস। এছাড়া উজিরপুর এরিয়া প্রোগ্রামের সিডিও আহসান সুমন, জেমস সানি বৈরাগী (সম্রাট)সহ শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও কমিউনিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন উজিরপুর এরিয়া প্রোগ্রামের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার এ্যানিমিতা।
সভায় বক্তারা বলেন, প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার গুণগত মান ও সেবার মানোন্নয়নে শুধু বিদ্যালয় কর্তৃপক্ষ নয়, অভিভাবক, কমিউনিটি, সরকারি কর্মকর্তা এবং সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর সমন্বিত অংশগ্রহণ প্রয়োজন। জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে বিদ্যালয়ের সেবার বাস্তব চিত্র মূল্যায়ন, সমস্যা চিহ্নিতকরণ এবং তা সমাধানে যৌথভাবে কর্মপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে টেকসই পরিবর্তন আনা সম্ভব। শিশু ও পরিবারের প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে সরকারি সেবার মান ও জবাবদিহিতা বাড়ানোর পাশাপাশি শিক্ষার্থীদের জন্য আরও নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও কার্যকর শিক্ষার পরিবেশ নিশ্চিত করাই এ ধরনের উদ্যোগের মূল লক্ষ্য। সভাটি বাস্তবায়ন করে সেন্টার ফর রুরাল সার্ভিস সোসাইটি (সিআরএসএস)। এতে অর্থায়ন করে উজিরপুর এডিপি ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।
