ঢাকা
logo
প্রকাশিত : September 16, 2026

মাটিরাঙ্গায় দুই ফার্মেসিকে ৭ হাজার টাকা জরিমানা

মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌর সদরের বিভিন্ন ওষুধের দোকানে অভিযান চালিয়ে দুই ফার্মেসিকে মোট সাত হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে পরিচালিত এই অভিযানে একটি প্রতিষ্ঠানে বিক্রির জন্য নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল পাওয়া যায়, অন্যটিতে মেলে ওষুধ যথাযথ তাপমাত্রায় সংরক্ষণ না করা এবং মেয়াদোত্তীর্ণের তারিখ গোপন রাখার প্রমাণ।

অভিযান সূত্রে জানা যায়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ও ৫১ ধারায় মেসার্স জামান ফার্মেসিকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে প্রতিষ্ঠানটিতে ফিজিশিয়ান স্যাম্পল পাওয়া যাওয়ায় এই জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের নমুনা বিক্রি না করতে প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে সতর্ক করা হয়।

একই অভিযানে মেসার্স প্যানাসিয়া ফার্মেসিকে একই আইনের ৫১ ধারায় চার হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটিতে ওষুধ নির্ধারিত তাপমাত্রায় সংরক্ষণ না করা এবং ওষুধের পাতা এমনভাবে কাটার প্রমাণ মেলে, যাতে মেয়াদোত্তীর্ণের তারিখ স্পষ্টভাবে বোঝা না যায়। এ বিষয়ে প্রতিষ্ঠানটিকে সতর্ক করার পাশাপাশি ভবিষ্যতে নিয়ম মেনে ওষুধ সংরক্ষণ ও বিক্রির নির্দেশনা দেওয়া হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, খাগড়াছড়ি পার্বত্য জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. আনিছুর রহমান এই অভিযান পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মদ মিজানুর রহমান, মাটিরাঙ্গা থানার এএসআই আশরাফুল ইসলাম এবং সঙ্গীয় পুলিশ সদস্য মো. গোলাপ হোসেন।

অভিযান শেষে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের ওষুধের যথাযথ সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণের তারিখ দৃশ্যমান রাখা এবং ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি না করার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা ও সতর্কতা প্রদান করা হয়।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram