

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ: গোপালগঞ্জের মুকসুদপুরে জীপ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে ড্রাইভার মো. জাহিদ হাসান (৩৪) নিহত হয়েছেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার বিশ্বম্ভরদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ড্রাইভার মো. জাহিদ হাসান মেহেরপুর জেলার সদর উপজেলার রুঘুনাথপুর গ্রামের মো. আবুল কাশেমের ছেলে।
ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট আজাদুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ঢাকা থেকে বরিশাল যাচ্ছিলেন ড্রাইভার জাহিদ হাসান। পথিমধ্যে জীপটি (ঢাকা-মেট্রো-ঘ-১১-৬৭৯৫) ঘটনাস্থলে পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে মহাসড়কের খাদে পড়ে যায়। এতে ড্রাইভার জাহিদ গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
