ঢাকা
logo
প্রকাশিত : September 16, 2026

জনবল সংকটে কাপাসিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, দুই বছর ধরে বন্ধ ৩ ট্রেড

শরিফ শিকদার, গাজীপুর প্রতিনিধি: অনুমোদিত ৮৫টি পদের বিপরীতে কর্মরত মাত্র ৩১ জন। জনবল সংকটে গাজীপুরের কাপাসিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের কার্যক্রম চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। প্রয়োজনীয় জনবল না থাকায় মেশিন টুলস অপারেশন, সিভিল কনস্ট্রাকশন ও অটো ড্রাইভিং—তিনটি গুরুত্বপূর্ণ ট্রেডের কার্যক্রম প্রায় দুই বছর ধরে বন্ধ রয়েছে।

কেন্দ্রটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সিরাজুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বর্তমানে কেন্দ্রে সাতটি ট্রেড চালু রয়েছে। এসব ট্রেডে আনুমানিক ৫০০ প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ নিচ্ছেন। বছরে সর্বোচ্চ ৬৭২ জন প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ দেওয়ার সক্ষমতা রয়েছে কেন্দ্রটির।

ভারপ্রাপ্ত অধ্যক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, কেন্দ্রে অনুমোদিত ৮৫টি পদের বিপরীতে বর্তমানে ৩১ জন কর্মরত আছেন। দীর্ঘদিন ধরে জনবল সংকট থাকায় প্রয়োজনীয় জনবল দিয়ে সব ট্রেডের কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছে না। এ কারণে মেশিন টুলস অপারেশন, সিভিল কনস্ট্রাকশন ও অটো ড্রাইভিং ট্রেডের কার্যক্রম প্রায় দুই বছর ধরে বন্ধ রয়েছে।

তিনি বলেন, জনবল সংকটই এসব ট্রেড বন্ধ থাকার প্রধান কারণ। বন্ধ ট্রেডগুলো চালুর বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। প্রয়োজনীয় জনবল পাওয়া গেলে আগামী এক মাসের মধ্যে বন্ধ থাকা ট্রেডগুলো চালু করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

জনবল সংকট সামাল দিতে বর্তমানে আউটসোর্সিংয়ের মাধ্যমে ১৩ জন কর্মরত আছেন। তাদের দিয়েও প্রশিক্ষকের ঘাটতি পূরণের চেষ্টা করা হচ্ছে বলে জানান ভারপ্রাপ্ত অধ্যক্ষ।

কেন্দ্রে প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় আধুনিক যন্ত্রপাতি পর্যাপ্ত রয়েছে বলেও জানান তিনি। তবে বর্তমানে তিনটি ল্যাব বা ওয়ার্কশপ বন্ধ কিংবা অচল রয়েছে।

মো. সিরাজুল ইসলাম জানান, কেন্দ্রের জনবল ও অবকাঠামোগত সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। শূন্য পদ পূরণ এবং বন্ধ থাকা ট্রেডগুলো চালুর জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথাও জানানো হয়েছে।

কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরিতে কাপাসিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রতিবছর শত শত তরুণ এখানে বিভিন্ন কারিগরি বিষয়ে প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পান। কিন্তু দীর্ঘদিনের জনবল সংকটের কারণে কেন্দ্রটির পূর্ণ সক্ষমতা কাজে লাগানো যাচ্ছে না।

স্থানীয়দের দাবি, দ্রুত শূন্য পদগুলোতে জনবল নিয়োগ, বন্ধ থাকা তিনটি ট্রেড চালু এবং অচল ল্যাব-ওয়ার্কশপ সচল করা হলে এ অঞ্চলের বেকার তরুণদের দক্ষ করে কর্মসংস্থানের সুযোগ বাড়ানো সম্ভব হবে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram