ঢাকা
logo
প্রকাশিত : September 15, 2026

চাঁপাইনবাবগঞ্জে ছাত্রদল নেতার মোটরসাইকেল আটক, ঘণ্টাব্যাপী পুলিশ সুপার কার্যালয় ঘেরাও

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান আক্তারের নিবন্ধনহীন মোটরসাইকেল আটক করাকে কেন্দ্র করে পুলিশ সুপারের (এসপি) কার্যালয় ঘেরাও করে অবস্থান নিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে পুলিশ সুপারের কার্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে প্রায় এক ঘণ্টা পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে রাখেন তারা।

পুলিশ জানায়, সোমবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ শহরের নিউ মার্কেট এলাকায় একটি চেকপোস্টে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান আক্তারের মোটরসাইকেল থামিয়ে কাগজপত্র যাচাই করেন দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা। এ সময় মোটরসাইকেলটির নিবন্ধন না থাকায় সেটি আটক করা হয়। ঘটনাস্থলে এ নিয়ে পুলিশের সঙ্গে আক্তারের বাগবিতণ্ডা হয়।

পরে বিষয়টি জানাজানি হলে ছাত্রদলের অর্ধশতাধিক নেতাকর্মীরা রাত আটটার দিকে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেন এবং বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তারা কার্যালয়ের প্রধান ফটকে অবস্থান নেওয়ায় ভেতরে থাকা পুলিশ সদস্যরা কিছু সময়ের জন্য অবরুদ্ধ হয়ে পড়েন।

এ সময় পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবস্থানকালে গণমাধ্যমকর্মীরা ঘটনার ছবি ও ভিডিও ধারণ করতে গেলে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী তাতে বাধা দেওয়ার চেষ্টা করেন। এমনকি ধারণ করা ভিডিও মুছে ফেলতে (ডিলিট করতে) গণমাধ্যমকর্মীদের ওপর চাপ দেওয়ার অভিযোগও পাওয়া গেছে।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার এনএম ওয়াসিম ফিরোজ ঘটনাস্থলে গিয়ে ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন। পরে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ বলেন, আক্তারুজ্জামানের মোটরসাইকেলটির কাগজপত্র ছিল না। নিয়মিত অভিযানের অংশ হিসেবে পুলিশের টিএসআই উজ্জ্বল কুমার চেকপোস্টে মোটরসাইকেলটি থামার সংকেত দেন। এ সময় টিএসআইয়ের সঙ্গে আক্তারের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে মোটরসাইকেলটি আটক করা হয়। এর প্রতিবাদে ছাত্রদলের নেতাকর্মীরা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবস্থান নেন।

তিনি আরও বলেন, সেখানে ৫০ থেকে ৬০ জন ছাত্রদল নেতাকর্মী ছিলেন। তাদের মধ্যে কেউ কেউ কিছুটা বিশৃঙ্খলা করার চেষ্টা করেন এবং পুলিশের সঙ্গে খারাপ ভাষায় কথা বলেন। পরে তাদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধান করা হয়েছে।

গণমাধ্যমকর্মীদের কাজে বাধা দেওয়ার বিষয়ে জেলা ছাত্রদলের সভাপতি মীম ফজলে আজিম বলেন, মোটরসাইকেল আটক করা নিয়ে পুলিশের সঙ্গে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল। পরে আলোচনার ভিত্তিতে বিষয়টি নিষ্পত্তি করা হয়েছে। এ সময় গণমাধ্যমকর্মীদের কাজে বাধা দেওয়ার ঘটনা হয়ে থাকলে সেটিও ভুল হয়েছে বলে তিনি স্বীকার করেন।

এ বিষয়ে বক্তব্য জানতে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামানের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram