

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে অনুমোদনহীন প্লাস্টিক কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৫ সেপ্টম্বর) দুপুরে উপজেলার লতিফপুর এলাকায় একটি প্লাস্টিক কারখানায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে উপজেলার লতিফপুর এলাকায় অবৈধভাবে নূর প্লাস্টিক কারখানাটি গড়ে উঠে। কারখানার দুর্গন্ধে আশপাশের এলাকার মানুষ নানা রোগে আক্রান্ত হয়ে পড়ে। এতে একাধিকবার ওই কারখানার কর্তৃপক্ষকে জানালেও কোনো কর্ণপাত করেনি। পরে এলাকাবাসী উপজেলা প্রশাসনকে জানালে মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ভূমি কর্মকর্তার নেতৃত্বে ওই কারখানায় অভিযান পরিচালনা করা হয়। এতে নুর প্লাস্টিক কারখানাটির বিএসটিআই লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের অনুমোদন নেই। এ কারণে কারখানাটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশেই ময়লা-আবর্জনা থেকে প্লাস্টিক তৈরির আরেকটি কারখানায় অভিযান চালিয়ে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ইমরান হোসেন নামে একজনকে আটক করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন নাহার শিলা জানান, বৈধ কাগজপত্র না থাকায় কারখানাটিকে জরিমানা করা হয়েছে। একজনকে আটক করা হয়। অভিযান শেষে কারখানাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।
