

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নিয়ন্ত্রণ হারিয়ে স্পিডবোট উল্টে দুই যাত্রী নিহত হয়েছেন।
সোমবার রাতে উপজেলার খাগালিয়া নদীতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন চাতলপাড় ইউনিয়নের রায়হান উদ্দিনের ছেলে দয়াল (২৪), পাশ্ববর্তী কিশোরগঞ্জ জেলার কুলিয়াচরের হানিফ মিয়ার ছেলে মো: সজীব (২৫)।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃষ্ণ লাল ঘোষ জানান, বিকালের দিকে চাতলপাড় গ্রাম থেকে স্পিডবোটযোগে তিনজন লোক রোগী নিয়ে চিকিৎসার জন্য নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছিলেন। চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে রাতে খাগালিয়া নদীতে স্পিডবোটটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।
নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা (আরএমও) ডা. শফিকুল ইসলাম জানান, দুজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। অন্য আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
নিহত দুই যাত্রীর মরদেহ চাতলপাড় পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।
