

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জে ঢাকা-বরিশাল মহাসড়কে দুই বাসের সংঘর্ষের পর একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা দিয়েছে। এতে কয়েকজন যাত্রী আহত হলেও বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টা ১৫ মিনিটের দিকে উপজেলার দেহেরগতি ইউনিয়নের রাকুদিয়া গ্রামের নতুনহাট বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বরিশাল থেকে ঢাকাগামী আসিফ ক্লাসিক পরিবহনের একটি বাস নতুনহাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা শ্যামলী পরিবহনের একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে আসিফ ক্লাসিক পরিবহনের বাসটি সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত বাসের যাত্রীদের উদ্ধার করেন। কয়েকজন আহত হলেও তাদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে। দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পরে দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।
বাসের যাত্রী ঝালকাঠি থানার বাসিন্দা মো. হাফিজুল ইসলাম বলেন, ‘কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ বাসটি রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে অনেক যাত্রী আহত হয়েছেন। আমার হাত ও মাথায় আঘাত লাগে। স্থানীয়রা এসে আমাকে উদ্ধার করেন। তবে আমার ব্যাগে থাকা ৯ হাজার ৫০০ টাকা পাওয়া যাচ্ছে না।’
বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান হাওলাদার বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কয়েকজন যাত্রী আহত হলেও বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে গেছেন। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের চেষ্টা চলছে।
