

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে একটি খেলার মাঠ দখল করে ইটের খোয়ার ব্যবসা পরিচালনার অভিযোগ উঠেছে যুবলীগের এক নেতার বিরুদ্ধে। উপজেলার তালঝাড়ি নামক খেলার মাঠটি দখল করে সেখানে দীর্ঘদিন ধরে ইটের খোয়া স্তূপ করে রাখা ও ব্যবসায়িক কাজে ব্যবহারের কারণে খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছেন স্থানীয় শিশু-কিশোর ও তরুণরা। এতে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে এলাকাবাসীর মধ্যে। অভিযুক্ত আওয়ামীলীগ নেতার নাম মো. সেলিম মাহমুদ রাজু। তিনি উপজেলা যুবলীগের সহ-সভাপতি হিসেবে আওয়ামীলীগ সরকারের সময়ে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছিলেন।
স্থানীয়দের অভিযোগ, একসময় মাঠটিতে নিয়মিত ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হতো। এলাকার শিশু-কিশোররা অবসর সময়ে এখানে খেলাধুলা করত। কিন্তু বর্তমানে মাঠের বড় একটি অংশ ইট, ইটের খোয়া রাখার কাজে ব্যবহৃত হচ্ছে। ফলে মাঠের স্বাভাবিক পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি খেলাধুলার সুযোগও সংকুচিত হয়ে পড়েছে। মাঠটি স্থানীয়দের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খেলার জায়গা। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে মাঠটির ভূমিকা রয়েছে। কিন্তু ব্যক্তিগত ব্যবসায়িক কাজে মাঠের জায়গা ব্যবহার করায় সেই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে নতুন প্রজন্ম।
শামিম রেজা নামক একজন ঠিকারদার জানান, উপজেলার পলাশবাড়ি ও ধানতাড়া এলাকায় দুটি রাস্তার কাজ আমাদের চলমান রয়েছে। আমি আ.লীগ নেতা সেলিম মাহমুদের কথায় খেলার মাঠে ইটের খোয়া স্তূপ রেখেছি। আমি তার নিকট থেকে মাঠটি ক্রয় করতে চেয়েছি সে আমার নিকট মাঠের কিছু অংশ বিক্রয় করতে রাজি হয়েছেন। সে কারণে আমি মাঠে খোয়া রেখেছি।
এ বিষয়ে অভিযুক্ত সেলিম মাহমুদ রাজু জানান, মাঠে খোয়া রাখার বিষয়ে আমি কিছু জানিনা। আপনারা ঠিকাদারের সঙ্গে কথা বলতে পারেন বলে ফোন রেখে দেন তিনি।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ পারভেজ জানান, আগামী সোমবারের মধ্যে মাঠ থেকে ইটের খোয়া অপসারণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। যদি সময়মত খোয়া অপসারণ না করা হয় তাহলে তাদের বিরুদ্ধে সরকারি মাঠ দখলের অভিযোগে প্রশাসনিক ভাবে কঠিন ব্যবস্থা গ্রহণ করা হবে।
