

পিন্টু দেবনাথ, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে চা জনগোষ্ঠীর শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় উৎসাহিত করতে এসএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। কমলগঞ্জ চা জনগোষ্ঠী যুব উন্নয়ন ফোরামের উদ্যোগে ও রুহি ফান্ডেশনের প্রধান উপদেষ্টা লন্ডন প্রবাসী ড. হাজী শাহ্ আলম এর সহযোগিতায় এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা বিআরডিবি হল রুমে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি জিয়ানা মাদ্রাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অমলেন্দু কুমার দাশ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক আহমদ সিরাজ, কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি আসহাবুজ্জামান শাওন, সাপ্তাহিক কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক পিন্টু দেবনাথ, কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি নির্মল এস পলাশ, চা জনগোষ্ঠীর নেতা পরিমল বাড়াইক, শমশেরনগর ইউনিয়ন পরিষদের সদস্য নমিতা সিং এবং সমাজসেবী সাইফুর রহমান।
শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি লক্ষ্মীনারায়ণ রবিদাশ, সাধারণ সম্পাদক নিশিতা কৈরী ও সহ-সাধারণ সম্পাদক সৌরভ বীন, অর্থ সম্পাদক সাব্বির আহমদ প্রমুখ।
বক্তারা বলেন, চা জনগোষ্ঠীর পিছিয়ে পড়া জনপদকে এগিয়ে নিতে শিক্ষার বিকল্প নেই। আজকের এই সংবর্ধনা শিক্ষার্থীদের আগামী দিনে আরও বড় স্বপ্ন দেখতে এবং উচ্চশিক্ষায় মনোনিবেশ করতে অনুপ্রেরণা জোগাবে।
অনুষ্ঠান শেষে কমলগঞ্জ উপজেলার ২৩টি চা বাগানের মোট ৭০ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।
