

একে মিলন, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের রঙ্গারচর গ্রামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও বিড়িসহ কামাল হোসেন নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই অভিজিৎ ভৌমিকের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রঙ্গারচর গ্রামের জনৈক্য কামাল হোসেনের বসতঘরের গোয়ালঘরে বিশেষ অভিযান চালানো হয়। এ সময় তল্লাশি চালিয়ে বিভিন্ন ব্রান্ডের বিপুল পরিমাণ ভারতীয় মদ এবং অবৈধ নাসির বিড়ি উদ্ধার করা হয়। পরে গোয়ালঘরের মালিক কামাল হোসেনকে আটক করে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ পিপিএম জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
