

একে মিলন, সুনামগঞ্জ প্রতিনিধি: শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের আমলেই দেশের ইতিহাসে সবচেয়ে বেশি ‘মব কালচার’ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে সুনামগঞ্জ শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মতবিনিময় সভায় তিনি বলেন, ড. ইউনূস সংকটময় মুহূর্তে দেশে শান্তি প্রতিষ্ঠার পরিবর্তে জাতিকে বিভাজিত করে জাতীয় ঐক্য নষ্ট করেছেন এবং দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছেন। গণতন্ত্রের স্বার্থে সংকটের সময়েও তারা নির্বাচনে অংশ নিয়েছিলেন উল্লেখ করে তিনি বলেন, ‘মেটিকুলাস ডিজাইনে’ রংপুরের মতো স্থানেও জি এম কাদেরের মতো নেতাকে হারিয়ে দেওয়া হয়েছে।
জাতীয় পার্টিকে ছাড়া সংসদ অকার্যকর হয়ে পড়েছে উল্লেখ করে তিনি জানান, বর্তমানে সংসদে কোনো সংসদীয় চর্চা হচ্ছে না, ফলে জনরোষ বাড়ছে। দেশকে সঠিক পথে ফিরিয়ে আনতে হুসেইন মুহম্মদ এরশাদের গড়া জাতীয় পার্টির বিকল্প নেই।
সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মনির উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাজমুল হুদা হিমেলের সঞ্চালনায় সভায় জাপা প্রেসিডিয়াম সদস্যসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন। এতে জেলার বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা অংশ নেন।
