ঢাকা
logo
প্রকাশিত : September 10, 2026

মানুষের পাশে দাঁড়ানোর ভাবনা থেকে বাবুগঞ্জে হারুন মোল্লা ফাউন্ডেশনের যাত্রা

সাইফুল ইসলাম, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: অসহায় মানুষের চিকিৎসা সহায়তা, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন, ধর্মীয় প্রতিষ্ঠানে অবকাঠামোগত সহায়তা, শিশু-কিশোরদের ক্রীড়া চর্চা এবং পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণসহ বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করছে হারুন মোল্লা ফাউন্ডেশন। বরিশালের বাবুগঞ্জে স্বল্প সময়ের মধ্যে এসব কার্যক্রমের পাশাপাশি অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য নিয়মিত চিকিৎসাসেবা দেওয়ার উদ্যোগও নিয়েছে সংগঠনটি।

ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, সম্প্রতি বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের লোহালিয়া গ্রামের বাসিন্দা আমজাদ হোসেনের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. আসাদুল্লাহ। চিকিৎসা সহায়তার জন্য আমজাদ হোসেনের আবেদনের পরিপ্রেক্ষিতে তা অনুমোদন করা হয়। পরে তাঁকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল), ঢাকায় ভর্তির প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়।

এর আগে অগ্নিকাণ্ডে বসতঘর হারানো একই গ্রামের দুই ভাই বাবুল খান ও শহীদ খানের পরিবারের পাশে দাঁড়ায় ফাউন্ডেশনটি। ২০২৩ সালের ১৪ ফেব্রুয়ারি রান্নার চুলার আগুনে তাঁদের যৌথ বসতঘরটি সম্পূর্ণ পুড়ে যায়। এতে ঘরবাড়ির পাশাপাশি প্রয়োজনীয় মালামালও হারিয়ে পরিবারটি দুর্ভোগে পড়ে।

পরে স্থানীয়দের সহযোগিতায় একটি ছোট ঘর নির্মাণ করে দেওয়া হলেও সেটি পরিবারের বসবাসের জন্য পর্যাপ্ত ছিল না। দীর্ঘদিন এভাবে থাকার পর বিষয়টি ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. আসাদুল্লাহর নজরে আসে। তিনি নিজ অর্থায়নে পরিবারটির জন্য নতুন একটি বসতঘর নির্মাণ করে দেন।

গত ৭ আগস্ট মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে নবনির্মিত ঘরটির উদ্বোধন করা হয়। পরে ঘরটি বাবুল খান ও শহীদ খানের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ সময় ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. হারুন মোল্লা, উপদেষ্টা ও সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শাহে আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মানবিক কর্মকাণ্ডকে আরও সংগঠিত করার অংশ হিসেবে গত ১০ এপ্রিল ‘চিকিৎসা সহায়তা কর্মসূচি’ চালু করে হারুন মোল্লা ফাউন্ডেশন। দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচিটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, প্রতি শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য নিয়মিত চিকিৎসাসেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ কর্মসূচির সমন্বয় করছেন চিকিৎসক ডা. ফয়সাল আহমেদ শিবলী।

চিকিৎসাসেবার পাশাপাশি ধর্মীয় প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নেও সহায়তা করেছে ফাউন্ডেশনটি। বরিশাল সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের বিসিক ২ নম্বর পুল মাক্কী জামে মসজিদের মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে একটি সংযোগ সেতু স্থাপন করেছেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. আসাদুল্লাহ। স্থানীয়দের ভাষ্য, সেতুটি মসজিদে যাতায়াতের ক্ষেত্রে মুসল্লিদের ভোগান্তি কমিয়েছে।

শিশু-কিশোরদের ক্রীড়া চর্চায় উৎসাহিত করতে ফাউন্ডেশনের উদ্যোগে মিনি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ আয়োজন করা হয়েছে। পাশাপাশি এএম স্পোর্টস একাডেমির মাধ্যমে শিশু-কিশোরদের ফুটবল প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। শৃঙ্খলাবদ্ধ প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ ক্রীড়াবিদ তৈরিই এর অন্যতম লক্ষ্য বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

পরিবেশ রক্ষায়ও ফাউন্ডেশনটির উদ্যোগ রয়েছে। গত ৭ জুন বাবুগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়। একই সঙ্গে বিদ্যালয়ের প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়। ‘প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায়, চলো করি বৃক্ষরোপণ—গড়ে তুলি সবুজ ভুবন’ স্লোগানে এ কর্মসূচি আয়োজন করা হয়।

এ ছাড়া মধ্য লোহালিয়া জামে মসজিদের সঙ্গে যৌথভাবে তাফসীরুল কুরআন মাহফিল এবং গ্রামবাসীর ঈদ পুনর্মিলনী ও প্রীতিভোজের মতো সামাজিক আয়োজনেও সম্পৃক্ত রয়েছে ফাউন্ডেশনটি। ফাউন্ডেশনের স্থায়ী কার্যালয় প্রতিষ্ঠার জন্য জমি নির্ধারণ ও উদ্বোধন কার্যক্রমও সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

হারুন মোল্লা ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. আসাদুল্লাহ বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের সমাজসেবক মো. হারুন মোল্লার সন্তান। ব্যবসার পাশাপাশি মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ছোটবেলা থেকেই বাবার মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানোর বিষয়টি দেখে আসছেন তিনি।

আসাদুল্লাহ বলেন, ‘সমাজে অনেক মানুষ আছেন, যাঁরা অসুস্থ হলেও অর্থের অভাবে চিকিৎসা করাতে পারেন না। আবার অনেকে বিপদে পড়লে প্রয়োজনীয় সহায়তা পান না। এসব বিষয় আমাকে ভাবিয়েছে। আমি মনে করি, একজন মানুষের সামর্থ্য যতটুকু, সেই সামর্থ্যের মধ্য থেকেই অন্য মানুষের জন্য কিছু করা উচিত। ব্যবসা থেকে যে সুযোগ ও সামর্থ্য তৈরি হয়েছে, তার একটি অংশ মানুষের কল্যাণে ব্যয় করতে চাই। কাউকে সাহায্য করার পর তাঁর মুখে স্বস্তির হাসি দেখাটাই আমার কাছে বড় পাওয়া।’

ফাউন্ডেশনের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, মানুষের প্রয়োজনের সময়ে পাশে থাকাই তাঁদের মূল লক্ষ্য। বিশেষ করে চিকিৎসা সহায়তাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি শিক্ষা, ক্রীড়া, পরিবেশ, ধর্মীয় ও সামাজিক কার্যক্রম নিয়েও কাজ করার পরিকল্পনা রয়েছে। তবে কার্যক্রমগুলো যেন শুধু এককালীন সহায়তার মধ্যে সীমাবদ্ধ না থেকে মানুষের দীর্ঘমেয়াদি উপকারে আসে, সে লক্ষ্যেই কাজ করতে চান তাঁরা।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. হারুন মোল্লা বলেন, ‘মানুষের কল্যাণে কাজ করার উদ্দেশ্যেই ফাউন্ডেশনের কার্যক্রম শুরু হয়েছে। মানুষের পাশে দাঁড়ানোর এই ধারা অব্যাহত রেখে আরও এগিয়ে যেতে চাই।’

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, চিকিৎসা সহায়তা, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে ঘর নির্মাণ, মসজিদে যাতায়াতের ব্যবস্থা, ক্রীড়া ও বৃক্ষরোপণের মতো উদ্যোগ স্থানীয় পর্যায়ে মানুষের উপকারে আসছে। তাঁদের মতে, এ ধরনের কার্যক্রম ধারাবাহিকভাবে চালু থাকলে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য তা আরও কার্যকর ভূমিকা রাখতে পারে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram