

দেলোয়ার হোসেন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নের বান্দের হাট বাজারে সরকারি জায়গা বালু দিয়ে ভরাট করে দখলের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আবুল কালামের বিরুদ্ধে।
স্থানীয়দের অভিযোগ, বুধবার সকাল থেকে বান্দের হাট বাজারের পূর্ব পাশে থাকা সরকারি জায়গায় ট্রাকযোগে বালু ফেলে ভরাটের কাজ শুরু করা হয়। পরে সেখানে দোকান নির্মাণের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেন এলাকাবাসী।
স্থানীয়দের দাবি, সরকারি জায়গা দখলের চেষ্টা চললেও বিষয়টি প্রশাসনের নজরে আসার পরও তাৎক্ষণিকভাবে কোনো দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়নি। তারা দ্রুত সরকারি সম্পত্তি রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ এবং ঘটনাটি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত মোহাম্মদ আবুল কালাম বলেন, “এটি আমার বাবার জায়গা।” তবে তিনি ওই দাবির পক্ষে কোনো দলিল বা মালিকানার কাগজপত্র দেখাতে পারেননি।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, “আমরা অভিযোগ পেয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান বলেন, “আমরা বিষয়টি জেনেছি। সরকারি জায়গা দখল করার এখতিয়ার কারও নেই। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
