ঢাকা
logo
প্রকাশিত : September 9, 2026

পারকি সৈকতে অবৈধ স্থাপনা সরানোর নির্দেশ, দুই মোটরসাইকেল আরোহীকে জরিমানা

মো: নাজমুল হোসেন ইমন, চট্টগ্রাম: চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পারকি সমুদ্র সৈকতে সরকারি খাসজমি দখল করে নির্মিত বিভিন্ন দোকান ও স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে সৈকত এলাকায় মোটরসাইকেল নিয়ে প্রবেশের অভিযোগে দুই আরোহীকে ৫০০ টাকা করে মোট ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গত মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে পারকি সমুদ্র সৈকত এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এসব ব্যবস্থা নেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পারকি সমুদ্র সৈকত এলাকায় সরকারি ১ নম্বর খাস খতিয়ানভুক্ত জমি দখল করে বিভিন্ন দোকান ও স্থাপনা নির্মাণের অভিযোগ পাওয়া যায়। অভিযোগের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত।

অভিযানকালে সরকারি জমিতে নির্মিত স্থাপনার সংশ্লিষ্টদের সেগুলো সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি ভবিষ্যতে সরকারি জায়গা দখল করে কোনো ধরনের স্থাপনা নির্মাণ না করতে সতর্ক করা হয়।

প্রশাসনের নির্দেশনা অমান্য করে স্থাপনা বহাল রাখা হলে পরবর্তী সময়ে অভিযান চালিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার।

তিনি বলেন, পারকি সমুদ্র সৈকত আনোয়ারার অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্র। পর্যটকদের সুবিধার জন্য এলাকায় বিভিন্ন দোকান গড়ে উঠলেও সরকারি খাসজমি দখল করে স্থাপনা নির্মাণের সুযোগ নেই। জনস্বার্থ, পর্যটকদের নিরাপত্তা এবং সৈকতের পরিবেশ রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত নজরদারি ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে।

এদিকে, সৈকতের নির্ধারিত এলাকায় মোটরসাইকেল নিয়ে প্রবেশ করায় দুই আরোহীর বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পৃথকভাবে ৫০০ টাকা করে জরিমানা করা হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram