

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে ‘গণমাধ্যমে অপপ্রচার ও অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের দায়িত্ব ও কর্তব্য’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার স্থানীয় সার্কিট হাউসে জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ প্রেস কাউন্সিল এ কর্মশালার আয়োজন করে। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম।
জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মো. আব্দুস সবুর, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, জেলা তথ্য অফিসার রূপ কুমার বর্মণসহ অন্যরা।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বলেন, অপসাংবাদিকতা রোধে সাংবাদিকদের দায়িত্বশীল হতে হবে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সচেষ্ট থাকতে হবে। এছাড়া সাংবাদিকদের পেশাগতভাবে আরো দক্ষ করে তোলার জন্য পিআইবি এবং পিআইডি নানা কর্মসূচি বাস্তবায়ন করছে।
তিনি আরও বলেন, সাংবাদিকতা দেশের সম্মানিত পেশার মধ্যে অন্যতম, তাই এই পেশায় নীতি নৈতিকতার বিকল্প নেই। সাংবাদিকদের সর্বদা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সচেষ্ট থাকতে হবে।
কর্মশালায় জেলার ৪০ জন সাংবাদিক অংশ নেন। প্রশিক্ষণ শেষে তাদের সার্টিফিকেট প্রদান করা হয়।
