

মজিবর রহমান, মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভার কেএম মার্কেট ও সদর রোডে অবস্থিত পাঁচটি ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার দায়ে ফার্মেসি মালিকদের অর্থদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আতাউর রাব্বী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় তিনি সদর রোডের আদর্শ মেডিকেল হল, নাজাহ মেডিকেল হল, মাহাবুব ফার্মেসি ও সাকিব মেডিকেল ও জাকারিয়া ফার্মেসিতে অভিযান পরিচালনা করে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার দায়ে ঔষধ ও কসমেটিকস আইন ২০২৩, ৪০ এর (খ)( গ) ধারায় পৃথক পাঁচটি মামলায় ফার্মেসি মালিকদের ৩৫ হাজার টাকা অর্থদণ্ডাদেশ দেন।
উপজেলা নির্বাহী অফিসার জানান, আইন অমান্য করে অবৈধভাবে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।
