

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় সার না পেয়ে গুদামে হট্টগোল-ভাংচুর, অন্য জায়গায় সড়ক অবরোধ করেছে কৃষকরা। জেলার নাগেশ্বরী উপজেলার কচাকাটা বাজারে কাশেম ট্রেডার্স নামে সার ডিলার পয়েন্টে সকাল ৮টা থেকে মানুষজন সারের জন্য জড়ো হয়। ঘন্টাখানেকেও ডিলার পয়েন্টের লোকজন না আসায় ৯ টার দিকে উপস্থিত দুই শতাধিক লোক সার না পেয়ে হট্টগোল শুরু করে।
এসময় দোকানটির টিনের বেড়া কয়েকস্থানে ভাংচুর করা হয়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করে। এক পর্যায়ে লাঠি চার্জ করে পুলিশ।
স্থানীয় কয়েকজন কৃষক জানান, গুদামে সার থাকার পরও ডিলারের লোকজন আসেননি। দেড় থেকে দুইশ লোক উপস্থিত ছিল। তারা হইচই করে ও ধাক্কা করে। কেউ কেউ দোকান ঘরের বেড়ার টিন ভাংচুর করে। তবে কেউ সার নিয়ে যায়নি।
কচাকাটার কৃষক আমির উদ্দিন জানায়, সকালে অন্যান্য সাথে আমিও সার নিতে আসি। কিন্তু দীর্ঘক্ষন অপেক্ষা করার পরও ডিলারের লোকজন আসতে দেরি হয়। এ কারনে সহজে সার দিতে টালবাহানা করায় এমন পরিস্থিতি হয়েছে।
কচাকাটা থানার ওসি অর্পন কুমার দাস জানান, দোকান ঘরে ভাংচুর হয়নি। তবে দেড়-দুইশ মানুষ ঠেলাঠেলি, ধাক্কাধাক্কি করে। এতে বেড়ার টিন ভেঙে যায়। পরিস্থিতি স্বাভাবিক আছে।
এছাড়াও ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের মিলনিবাজারে সার না পেয়ে সড়ক অবরোধ করে লোকজন। পরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক ঘটনাস্থলে উপস্থিত হন।
