

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি: নেশাগ্রস্ত অবস্থায় মাকে মারধর, বাড়ির ঘর-দরজা ভাঙচুর ও জনশান্তি বিনষ্ট করার অভিযোগে মানিকগঞ্জের সাটুরিয়ায় মো. সোহেল রানা (৩০) নামের এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাঁকে ১০০ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বালিয়াটি ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের মৃত শমসের আলীর বাড়িতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে জগন্নাথপুর গ্রামে তাঁর নানার বাড়িতে নেশাগ্রস্ত অবস্থায় সোহেল রানা তাঁর মাকে মারধর করেন। এ সময় সে বাড়ির ঘর ও দরজা ভাঙচুর করেন বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় বুধবার সকালে ভুক্তভোগী মা সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলামের কাছে অভিযোগ করেন। পরে সাটুরিয়া থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে সরেজমিন তদন্ত করে অভিযোগের সত্যতা পায়।
পরে দুপুরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত নেশাগ্রস্ত অবস্থায় জনশান্তি বিনষ্ট করার অপরাধে সোহেল রানাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় ছয় মাসের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেন।
সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ অনিক ইসলাম বলেন, নেশাগ্রস্ত অবস্থায় জনশান্তি বিনষ্ট করার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় ওই যুবককে ছয় মাসের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
