

কেরানীগঞ্জ প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে প্রেমিকার ব্যক্তিগত ও অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও গোপনে ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অর্থ দাবির অভিযোগে মামলায় রাফিদ শিকদার (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার রাফিদ রাজধানীর নিউমার্কেট থানার এলিফ্যান্ট রোড এলাকার মুজিবুল্লাহ সিকদারের ছেলে।
আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) তপন সরকার।
তিনি জানান, ভুক্তভোগী তরুণী তাসকিয়া চৌধুরী (১৮) ও রাফিদের পূর্বপরিচয় ছিল। সেই সূত্রে তাঁদের মধ্যে বিভিন্ন সময় যোগাযোগ ও কথাবার্তা হতো। একপর্যায়ে ঘনিষ্ঠতার সুযোগ নিয়ে রাফিদ কৌশলে তাসকিয়ার ব্যক্তিগত ছবি ও অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও গোপনে ধারণ করে রাখেন। পরবর্তী সময়ে ওই ভিডিও ইন্টারনেট ও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাসকিয়ার কাছে মোটা অঙ্কের টাকা দাবি করেন রাফিদ। এ ঘটনায় ভুক্তভোগী তরুণী কেরানীগঞ্জ মডেল থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।
র্যাব আরও জানায়, মামলার পর গোপন তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য অভিযান শুরু করা হয়। এরই ধারাবাহিকতায় সোমবার (৩১ আগস্ট) দিবাগত রাতে রাজধানীর আজিমপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে রাফিদ শিকদারকে গ্রেপ্তার করা হয়
