

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের খোয়াই নদীর বাঁধের কাজ আগামী ১৫ দিনের মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। দেড় মাসের ব্যবধানে একই এলাকায় দ্বিতীয়বার বাঁধ ভেঙে যাওয়ার ঘটনায় মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের কালীগঞ্জ এলাকায় বাঁধ পরিদর্শনকালে এ নির্দেশ দেওয়া হয়।
পরিদর্শন শেষে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়। তবে পানির গেট খুলে দিয়ে কোনো অঞ্চলের মানুষকে বন্যাকবলিত করা যাবে না।
তিনি বলেন, “আমরা স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ। প্রতিবেশী যেকোনো দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চাই। সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে গেলে এভাবে প্লাবনে ফেলে দিয়ে এই অঞ্চলের মানুষকে বন্যাকবলিত করা যাবে না। তাহলে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও অটুট হবে।”
খোয়াই নদীর বাঁধের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করতে বিশেষজ্ঞ দলের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করছেন। বাঁধ নির্মাণ করলেই সমস্যার স্থায়ী সমাধান হবে কি না, নাকি সেখানে সুইসগেট স্থাপন করা প্রয়োজন—তা বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান প্রতিমন্ত্রী।
এদিকে পরিদর্শনের সময় জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছ বাঁধের প্রয়োজনীয় কাজ দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেন। তিনি আগামী ১৫ দিনের মধ্যে কাজ শেষ করার পাশাপাশি কাজের মান ও অগ্রগতি নিয়মিত তদারকির জন্য জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের নির্দেশ দেন।
স্থানীয়দের অভিযোগ, দেড় মাসের ব্যবধানে একই এলাকায় দ্বিতীয়বার বাঁধ ভেঙে যাওয়ায় নদীতীরবর্তী মানুষের মধ্যে নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে। বাঁধের স্থায়ী সমাধানের পাশাপাশি ভবিষ্যতে যাতে একই ধরনের পরিস্থিতির সৃষ্টি না হয়, সে জন্য কার্যকর ও টেকসই ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
পরিদর্শনের সময় হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জিএম সরফরাজসহ পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
