

মতিয়ার রহমান মধু, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সীমান্তে পৃথক চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় ১১ লাখ ৮ হাজার ৪০০ টাকা মূল্যের অবৈধ ভারতীয় পণ্য জব্দ করেছে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)।
বৃহস্পতিবার থেকে শুক্রবার (২১ আগস্ট) পর্যন্ত ব্যাটালিয়ন সদরসহ অধীনস্থ পদ্মশাখরা ও মাদরা বিওপি এবং বাকাল চেকপোস্টের টহলদল গোপন সংবাদের ভিত্তিতে এসব অভিযান পরিচালনা করে। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ, শাড়ি, বাইসাইকেল ও রসুন।
বিজিবি সূত্রে জানা গেছে, মাদরা বিওপির টহলদল কলারোয়া থানার রাজপুর ও ভাদিয়ালি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৭ লাখ ৩৩ হাজার ৪০০ টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ উদ্ধার করে। বাকাল চেকপোস্টের টহলদল সাতক্ষীরা সদর উপজেলার ডালিপাড়া এলাকা থেকে ২ লাখ ৪ হাজার টাকা মূল্যের মোবাইল যন্ত্রাংশ ও ভারতীয় শাড়ি জব্দ করে।
এ ছাড়া বিজিবি সদর দলের সদস্যরা গেড়াখালী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ৩৫ হাজার টাকা মূল্যের ৯টি ভারতীয় বাইসাইকেল উদ্ধার করেন। পদ্মশাখরা বিওপির টহলদল সাতক্ষীরা সদর উপজেলার হারদ্দা সীমান্ত এলাকা থেকে ৩৬ হাজার টাকা মূল্যের ভারতীয় রসুন আটক করে। বিজিবির তথ্যমতে, এসব অভিযানে জব্দ করা পণ্যগুলোর সর্বমোট আনুমানিক বাজারমূল্য ১১ লাখ ৮ হাজার ৪০০ টাকা।
৩৩ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর শাদমান সাকিব জানান, শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে এসব পণ্য ভারত থেকে বাংলাদেশে পাচার করা হচ্ছিল। সীমান্ত দিয়ে অবৈধ পণ্য প্রবেশের ফলে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। তিনি বলেন, দেশের রাজস্ব ফাঁকি রোধ, চোরাচালান প্রতিরোধ এবং স্থানীয় শিল্প সুরক্ষায় বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
