

মো. নাজমুল হোসেন ইমন, চট্টগ্রাম: শিক্ষার আলো ছড়িয়ে দিতে চট্টগ্রামের ইছানগরে বাংলাদেশ কোস্ট গার্ডের নিজস্ব উদ্যোগে নির্মিত ‘কোস্ট গার্ড বিদ্যানিকেতন’-এর শুভ উদ্বোধন করা হয়েছে।
গত ১৯ আগস্ট ২০২৬ বিদ্যানিকেতনের উদ্বোধন করেন বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক, ওএসপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল।
উদ্বোধনী অনুষ্ঠানে কোস্ট গার্ড পরিবার কল্যাণ সংঘের (সিজিএফডব্লিউএ) প্রেসিডেন্ট, কোস্ট গার্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মহাপরিচালক বলেন, শিশুদের জন্য নিরাপদ, আধুনিক ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যেই ‘কোস্ট গার্ড বিদ্যানিকেতন’ প্রতিষ্ঠা করা হয়েছে। বাংলাদেশ কোস্ট গার্ডের সদস্যদের পাশাপাশি স্থানীয় জনগণের সন্তানদের জন্যও উন্নত শিক্ষার সুযোগ তৈরিতে এ প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, একটি শিশুর ভবিষ্যৎ গড়ে ওঠে মানসম্মত শিক্ষা, নৈতিকতা ও মূল্যবোধের সমন্বয়ে। এসব গুণ বিকাশের মাধ্যমে বিদ্যানিকেতনটি ভবিষ্যতে শিক্ষার্থীদের যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে ভূমিকা রাখবে।
পরে কোস্ট গার্ডের মহাপরিচালক বিদ্যানিকেতনের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং শিক্ষা কার্যক্রমের মানোন্নয়নে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
অনুষ্ঠানের অংশ হিসেবে বিদ্যানিকেতন প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। পরে দেশের উন্নয়ন ও সমৃদ্ধি এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ কোস্ট গার্ড জানিয়েছে, শিশুদের সুশিক্ষা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
