

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি: শৈলকুপায় জীবন দিয়ে বাল্যবিবাহ রুখে দিল কিশোরী মনিরা খাতুন। বুধবার দিবাগত রাতে শৈলকুপা উপজেলার ধাওড়া গ্রামে এই ঘটনা ঘটে। কিশোরী মনিরা খাতুন ধাওড়া গ্রামের মনিরুল ইসলাম মন্ডলের মেয়ে এবং ধাওড়া মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার বিকালে তার মতামতের বিরুদ্ধে পরিবারের সদস্যরা বিয়ে দেওয়ার জন্য ছেলে পক্ষকে বাড়িতে নিয়ে আসে। ছেলে পক্ষ মেয়ে দেখে চলে যাওয়ার পর রাতে মনিরা খাতুন ঘরের আড়ার সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে।
এ ব্যাপারে লাকি খাতুন নামের এক মহিলা জানান, মনিরাকে ছেলে পক্ষ দেখে পছন্দ করে চলে যাওয়ার পরই রাতে সে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে।
প্রতিবেশী রশিদ মেম্বার জানান, বাল্যবিয়েতে রাজি না হওয়ায় কিশোরী মনিরা খাতুন গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে বলে শুনেছি।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির মোল্লা জানান, ধাওড়া গ্রামের মনিরা খাতুন নামের এক কিশোরী বিয়েতে রাজি না হওয়ায় গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। লাশ ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
