ঢাকা
logo
প্রকাশিত : August 19, 2026

সাটুরিয়ায় ভেজাল ঘি ও অস্বাস্থ্যকর পরিবেশে ছানা তৈরি, কারখানা সিলগালা

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের সাটুরিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে দুধের ছানা তৈরি ও ভেজাল ঘি উৎপাদনের অভিযোগে একটি কারখানা সিলগালা করা হয়েছে। একই সঙ্গে কারখানার মালিক গোপাল ঘোষকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (১৯ আগস্ট) সকালে উপজেলার দরগ্রাম ইউনিয়নের উত্তর শিমুলিয়া গ্রামে গোপাল ঘোষের ছানা তৈরির কারখানায় অভিযান চালিয়ে এ ব্যবস্থা নেওয়া হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) আসাদুজ্জামান রুমেল অভিযান পরিচালনা করেন। অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রৌশন আরা বেগম, সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর নিলুফার ইয়াসমিন ঝর্ণা এবং মানিকগঞ্জ আনসার ব্যাটালিয়নের সদস্যরা সহযোগিতা করেন।

স্থানীয় সূত্র জানায়, গোপাল ঘোষ প্রায় সাত-আট বছর ধরে স্থানীয় বিভিন্ন হাটবাজার থেকে দুধ কিনে নিজের বাড়িতে ছানা তৈরি করে ঢাকার বিভিন্ন মিষ্টির দোকানে সরবরাহ করে আসছিলেন। সম্প্রতি অস্বাস্থ্যকর পরিবেশে ছানা তৈরির অভিযোগ পাওয়ার পর সেখানে অভিযান চালানো হয়।

সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, অভিযানে গিয়ে দেখা যায়, যে পুকুরের পানিতে ছানা ঠান্ডা করা হচ্ছে, সেটি অত্যন্ত নোংরা। পুকুরের পাশে গরুর ঘর রয়েছে। সেখানে হাঁসের মলমূত্রও রয়েছে। এমন নোংরা পানিতে ছানা ঠান্ডা করা হচ্ছিল, যা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।

তিনি বলেন, এ ছাড়া ডালডা ব্যবহার করে বিপুল পরিমাণ নকল ঘি ও ছানা তৈরির অভিযোগের সত্যতাও পাওয়া যায়। অভিযানের সময় বিপুল পরিমাণ নকল ছানা ধ্বংস করা হয়েছে। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের দায়ে কারখানাটি সিলগালা করা হয় এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আসাদুজ্জামান রুমেল আরও বলেন, কারখানার পরিবেশ স্বাস্থ্যসম্মত না করা পর্যন্ত সেখানে ছানা ও ঘি উৎপাদন বন্ধ থাকবে।

উল্লেখ্য, ২০২১ সালে বিভিন্ন জাতীয় গণমাধ্যমে গোপাল ঘোষের কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে ছানা তৈরি ও ভেজাল ঘি উৎপাদনের বিষয়ে সংবাদ প্রকাশিত হয়েছিল। ওই সময় তাঁকে সতর্ক করার পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram