

মতিয়ার রহমান মধু, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে শিক্ষা ভাতা ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) সকাল ১০টায় সাতক্ষীরা শহরের পলাশপোলে অবস্থিত নব জীবন অডিটোরিয়ামে ‘কমপ্যাশানেট ডেভেলপমেন্ট প্রজেক্ট থ্রু ডিসঅ্যাডভান্টেজড চিলড্রেন এডুকেশন সাপোর্ট, ইনকাম জেনারেশন অ্যান্ড সেফ ওয়াটার (ফেজ-০৬)’ প্রকল্পের আওতায় এ কর্মসূচির আয়োজন করা হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা নব জীবন বাস্তবায়িত এবং নবজীবন ইউকে অর্থায়িত প্রকল্পটির উদ্যোগে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
নব জীবনের কার্যনির্বাহী কমিটির সভাপতি মো. শামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির পক্ষে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আজিজুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম, জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মোজাফফর উদ্দিন, ভারপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল হোসেন, দৈনিক সাতক্ষীরা সকাল-এর সম্পাদক তারিকুজ্জামান খান এবং দৈনিক সাতক্ষীরা সংবাদ-এর স্টাফ রিপোর্টার দেবদাস সেনসহ বিভিন্ন পর্যায়ের অতিথিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করা, বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধ এবং পড়াশোনার প্রতি তাদের আগ্রহ বাড়ানোর লক্ষ্যেই এ শিক্ষা ভাতা ও শিক্ষা উপকরণ বিতরণ করা হচ্ছে। অর্থনৈতিকভাবে অসচ্ছল পরিবারের শিশুদের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে এ ধরনের সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
প্রধান অতিথির বক্তব্যে এস এম আজিজুল হক বলেন, একটি শিশুর সুন্দর ও সম্ভাবনাময় ভবিষ্যৎ গড়ে তুলতে শিক্ষার কোনো বিকল্প নেই। অসচ্ছল পরিবারের শিশুদের পড়াশোনা চালিয়ে যেতে শিক্ষা ভাতা ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণ অত্যন্ত সহায়ক। সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতি আহ্বান জানান তিনি। বক্তারা সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে নব জীবনের এ উদ্যোগের প্রশংসা করেন এবং শিশুদের পড়াশোনা অব্যাহত রাখতে ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা ভাতা ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। সহায়তা পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়। অনুষ্ঠানে নব জীবনের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
