ঢাকা
logo
প্রকাশিত : August 19, 2026

বিশ্ব আলোকচিত্র দিবসে বাংলাদেশ ফটোজার্নালিস্টস অ্যাসোসিয়েশনের র‍্যালি

বিশ্ব আলোকচিত্র দিবস উপলক্ষে বাংলাদেশ ফটোজার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (বিপিজেএ) উদ্যোগে রাজধানীতে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) দুপুরে রাজধানীর পুরানা পল্টনে বিপিজেএ কার্যালয়ের সামনে থেকে র‍্যালিটি শুরু হয়। পরে পল্টন মোড় ও দৈনিক বাংলা মোড় প্রদক্ষিণ করে পুনরায় অ্যাসোসিয়েশন কার্যালয়ে গিয়ে শেষ হয়।

র‍্যালিতে সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি মশিউর রহমান সুমন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বাদলসহ আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ের বিভিন্ন গণমাধ্যমের ফটোসাংবাদিকরা অংশ নেন।

এ সময় অংশগ্রহণকারীদের হাতে বিভিন্ন ফেস্টুন ও ব্যানার দেখা যায়। দিবসটির তাৎপর্য তুলে ধরার পাশাপাশি ফটোসাংবাদিকদের পেশাগত মর্যাদা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করার নানা বার্তা ব্যানারে উপস্থাপন করা হয়।

উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ কর্মসূচিতে বাড়তি উদ্দীপনা যোগ করে 'কালার স্মোক' বা রঙিন ধোঁয়া। শোভাযাত্রার বিভিন্ন পর্যায়ে রঙিন ধোঁয়া উড়ানো হলে পুরো চত্বর দৃষ্টিনন্দন হয়ে ওঠে, যা অনেক আলোকচিত্রী ক্যামেরাবন্দি করেন।

আয়োজকরা বলেন, একটি ছবি কেবল কোনো দৃশ্য ধারণ করে না, বরং ইতিহাসের গুরুত্বপূর্ণ দলিল হিসেবে সাক্ষ্য বহন করে। অনেক সময় হাজারো শব্দের চেয়ে একটি শক্তিশালী ছবি ঘটনার গভীরতা ও সামাজিক বাস্তবতাকে স্পষ্টভাবে ফুটিয়ে তোলে।

তারা আরও বলেন, যেকোনো সংঘাত, রাজনৈতিক আন্দোলন, সামাজিক দুর্যোগ ও জাতীয় সংকটে ফটোসাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে সত্য তুলে ধরেন। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে তাঁরা প্রতিনিয়ত নানা ঝুঁকি ও প্রতিকূলতার সম্মুখীন হন। তাই তাঁদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং পেশাগত সুরক্ষা দেওয়া অত্যন্ত জরুরি।

র‍্যালি শেষে বিপিজেএ কার্যালয়ে ফটোসাংবাদিকদের মধ্যে পারস্পরিক শুভেচ্ছা ও সৌহার্দ্য বিনিময়ের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শেষ হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram